কানাডায় হিন্দু মন্দিরে খলিস্তানিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড ভারতকে তার দৃঢ় সংকল্প থেকে সরাতে পারবে না। মোদী লিখেছেন, “কানাডায় হিন্দু মন্দিরে ইচ্ছাকৃতভাবে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতীয় কূটনীতিকদের ভয় দেখানোর এই অপচেষ্টা কাপুরুষোচিত। আশা করি, কানাডা সরকার দায়ীদের বিচার করবে এবং আইনের শাসন বজায় রাখবে।”
ব্র্যাম্পটনে একটি হিন্দু মন্দিরে খলিস্তানি হামলাকারীদের এই আক্রমণে লাঠি দিয়ে দর্শনার্থীদের মারধর করা হয় বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা মন্দিরে ঢুকে দর্শনার্থীদের ওপর চড়াও হয়, যা মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ভারতের হাইকমিশনও এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা টরন্টোর নিকটে এই মন্দিরে একটি কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছিল। ভারতবিরোধী শক্তিরা সেই ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তা সত্ত্বেও প্রায় এক হাজার ভারতীয় এবং কানাডিয়ান নাগরিককে জরুরি পরিষেবা প্রদান করা সম্ভব হয়েছিল।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, “কানাডার প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। এই হিংসাত্মক ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
ভারতীয় সরকার এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভারতের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।







