হাড় হীম করা খুনের ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদ। গর্ভবতী স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে মুসি নদীতে ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী মহেন্দ্র রেড্ডিকে (২৭) ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
স্ত্রী স্বাতী যাদব (২১) জানিয়েছিলেন যে তিনি মেডিক্যাল চেকআপের জন্য বাপের বাড়িতে যাবেন এবং সন্তান প্রসবের পর পর্যন্ত সেখানেই থাকবেন। এতেই আপত্তি জানাই মহেন্দ্র। এই নিয়ে শুরু হয় তুমুল ঝামেলা। এরপর রাগের মাথায় মহেন্দ্র তার স্ত্রীর গলা টিপে ধরে এবং সেখানেই তার মৃত্যু হয়।
প্রমাণ লোপাট করার জন্য মহেন্দ্র একটি করাত দিয়ে স্ত্রীর দেহটি টুকরো টুকরো করে। দেহের মাথা, হাত এবং পা কেটে আলাদা করে সে মুসি নদীতে ফেলে দেয়। কিন্তু ধড়টি একটি ট্রাঙ্কের মধ্যে ভরে ঘরেই রাখে সে।
স্ত্রীকে খুনের পর এক আত্মীয়কে ফোন করে জানাই যে তার স্ত্রী নিখোঁজ। এরপর আত্মীয়রায় পুলিশকে খবর দেয়। পুলিশ মহেন্দ্র এর বাড়িতে তল্লাশি চালালে ট্রাঙ্কের মধ্যে রাখা দেহাংশ উদ্ধার করে। দেহটি স্বাতীর কিনা তা নিশ্চিত করতে DNA টেস্ট করার কথা জানিয়েছে পুলিশ। খুনের পিছনের এই নৃশংসতার কারন খতিয়ে দেখছে পুলিশ।







