খেলাধুলা

শীঘ্রই ফিটনেস পরীক্ষায় রোহিত, সেপ্টেম্বরেই নির্ধারিত হতে পারে বাইশ গজের ভবিষ্যৎ

ভারতীয় ক্রিকেটে ফেরার দ্বারপ্রান্তে রোহিত শর্মা। তবে ব্যাট নয়, তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিটনেস। ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষার মুখোমুখি হবেন ভারতের ওয়ানডে অধিনায়ক। তিন দিনব্যাপী এই পরীক্ষার ফলেই ঠিক হতে পারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে তাঁকে দেখা যাবে কি না। ফলে কার্যত সেপ্টেম্বরের মাঝামাঝিতেই রোহিতের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ছবিটা স্পষ্ট হয়ে যাবে।

গত আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রয়েছেন ৩৮ বছর বয়সী রোহিত। তবে অক্টোবরের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে নতুন করে অনুশীলন শুরু করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস ট্রেনিংয়েও জোর দিচ্ছেন, অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ব্যক্তিগত প্রস্তুতিও সেরে নিচ্ছেন। বোর্ড সূত্রে খবর, ব্রঙ্কো টেস্টের মতো কঠিন ফিটনেস মূল্যায়নের মুখে পড়তে হবে তাঁকে, যা সম্প্রতি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর চালু করেছেন।

ফিটনেস পরীক্ষার সময়ই সেন্টার অফ এক্সেলেন্সে চলবে দলীপ ট্রফির ফাইনাল। তবে বোর্ড জানিয়েছে, একাধিক মাঠ ও পর্যাপ্ত পরিকাঠামোর কারণে রোহিতের প্রস্তুতি বা পরীক্ষায় কোনও সমস্যা হবে না। বোর্ডের এক কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পরীক্ষার গুরুত্ব অপরিসীম। রিপোর্ট ইতিবাচক হলে অস্ট্রেলিয়া সিরিজে রোহিত ও বিরাট কোহলি— দুই তারকাই ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।

তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, দীর্ঘ বিরতির পর কঠিন ফিটনেস পরীক্ষায় রোহিত কতটা প্রস্তুত? বয়স, শারীরিক চাপ এবং প্রতিযোগিতার অভাব— সব মিলিয়ে তাঁর জন্য চ্যালেঞ্জ কম নয়। একদিকে ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব, অন্যদিকে ক্যারিয়ারের শেষভাগে ফিটনেস প্রমাণের লড়াই। তাই রোহিতের বেঙ্গালুরু পরীক্ষা এখন সমর্থক থেকে বোর্ড— সবারই কৌতূহলের কেন্দ্রবিন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.