১ সেপ্টেম্বর থেকে কার্যকর হলো বিদেশি নাগরিক সংশোধনী আইন (Immigration and Foreigners Act, 2025)। নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের ভয়ে বা নিপীড়িত হয়ে যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের আর দেশছাড়া হতে হবে না। হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। তাঁদের কাছে বৈধ নথি বা পাসপোর্ট না থাকলেও কিংবা নথির মেয়াদ ফুরিয়ে গেলেও পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। বরং তাঁদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
কেন্দ্রীয় সিদ্ধান্ত ঘিরে উদ্বাস্তু সমাজে স্বস্তির হাওয়া। বিজেপি বিধায়ক অসীম সরকার এই সিদ্ধান্তকে “ঐতিহাসিক” বলে মন্তব্য করেন। তিনি বলেন, “২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওপার বাংলা থেকে আসা কোনও হিন্দু ভাই-বোনকেই অনুপ্রবেশকারী বলা যাবে না। মোদিজি কথা দিয়েছেন, কথা রেখেছেন। মতুয়া মহাসংঘ থেকে নিখিল ভারত উদ্বাস্তু সমিতি— সকলে এ সিদ্ধান্তে উপকৃত হবেন।” তবে বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই ভোটের আগে এই ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই স্পষ্ট করেছিলেন, “আমি থাকতে বাংলার কাউকে দেশছাড়া হতে হবে না।”
বিশেষজ্ঞদের মতে, নতুন আইনে একদিকে যেমন উদ্বাস্তু সম্প্রদায়ের বহু পরিবারের দীর্ঘদিনের আশঙ্কার অবসান ঘটল, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন চাপানউতোর তৈরি হয়েছে। নাগরিকত্বের যোগ্যতা পেতে হলে এখন শর্ত অনুযায়ী অন্তত ১৪ বছরের মধ্যে পাঁচ বছর ভারতে থাকতে হবে এবং নাগরিকত্বের জন্য আবেদন জানানোর আগে এক বছর ভারতে বসবাসের প্রমাণ থাকতে হবে। তাই অনেকের মতে, স্বস্তির পাশাপাশি প্রশাসনিক জটিলতার মুখোমুখিও হতে পারেন বহু মানুষ।






