উৎসবের মরশুমের আগে সাধারণ মানুষের জন্য বড় সুখবর দিল কেন্দ্র সরকার। নয়া দিল্লিতে আয়োজিত ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, এবার থেকে কর কাঠামোয় আসছে বড়সড় পরিবর্তন। ১২% ও ২৮% স্ল্যাব বাদ দিয়ে এখন কার্যত থাকছে মাত্র দুটি হার—৫% ও ১৮%। বিশেষ কিছু ক্ষেত্রে অবশ্য কর হার পৌঁছবে ৪০ শতাংশে।
সবচেয়ে আলোচনার বিষয় অবশ্য সোনা-রূপো। সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই ধাতুর উপর জিএসটি থাকবে ৩% এবং গয়না তৈরির চার্জের উপর প্রযোজ্য হবে ৫%। সহজ করে বললে, ১ লাখ টাকার সোনার গয়না কিনলে আপনাকে দিতে হবে ৩ হাজার টাকা জিএসটি।
নতুন নিয়ম ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। এতে একদিকে যেমন গ্রাহকরা কিছুটা স্বস্তি পাবেন, অন্যদিকে ব্যবসায়ীরাও উপকৃত হবেন সহজ প্রক্রিয়ায়। অর্থমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের সুবিধার দিকেই জোর দেওয়া হয়েছে এই সংস্কারে।
যদিও কয়েকটি রাজ্য ক্ষতিপূরণ চেয়ে জানিয়েছে, তাদের রাজস্ব ঘাটতি হতে পারে। তবে সামগ্রিকভাবে দেখা হচ্ছে—এটি কর ব্যবস্থাকে সরলীকরণের পথে একটি বড় পদক্ষেপ।
তবে সোনার বাজার কিন্তু আন্তর্জাতিক দামের ওঠানামায় সবসময়ই চঞ্চল। ডলার-রুপির বিনিময় হার, আমদানি শুল্ক থেকে শুরু করে বৈশ্বিক নীতি—সব কিছুর প্রভাব পড়ে হলুদ ধাতুর দামে। তবু নতুন জিএসটির ফলে উৎসবের আগে গয়নাপ্রেমীদের মুখে সামান্য হলেও হাসি ফুটতে চলেছে।






