মঙ্গলবার ভোরে আচমকা প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরাখণ্ডের দেহরাদূন। সহস্রধারায় অল্প সময়ের মধ্যে নেমে আসা মেঘভাঙা বৃষ্টির জেরে কয়েকটি বাড়ি ভেঙে গিয়েছে। জলের স্রোতে দোকানঘর, গাড়ি সবই ভেসে যায়। অন্তত তিন জনের কোনও খোঁজ মেলেনি। অন্যদিকে, সোমবার গভীর রাতে হিমাচল প্রদেশের মন্ডী জেলার ধরমপুর শহরেও একইভাবে মেঘভাঙা বৃষ্টি নেমে আসে, যেখানে অন্তত দুজন নিখোঁজ হয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই এনডিআরএফ এবং এসডিআরএফ-এর টিম নামানো হয়েছে। বিপর্যস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে তমসা নদী এখনও ফুঁসছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেহরাদূনের সব স্কুল বন্ধ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কেন্দ্রের তরফে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দিয়েছেন।
হিমাচলের ধরমপুরে বৃষ্টির জেরে বাসস্ট্যান্ডে দাঁড়ানো একাধিক বাস ভেসে যায়। রাজ্যের তিনটি জাতীয় সড়ক আপাতত বন্ধ রয়েছে। পাশাপাশি, প্রায় ৪৯৩টি ছোট-বড় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল থমকে গিয়েছে। মাটির কাদাস্রোতে তলিয়ে গিয়েছে অন্তত ১৫টি গাড়ি।
এই মরশুমে বারবার প্রবল বর্ষণ ও হড়পা বান উত্তরাখণ্ড ও হিমাচলকে বিপর্যস্ত করছে। শুধু হিমাচলেই ২০ জুন থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন ২১৮ জন। বর্ষায় এ বছর রাজ্যে গড় বৃষ্টিপাতের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি বৃষ্টি নেমেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এতে সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৪৬৫ কোটি টাকা।
অন্যদিকে, চলতি বর্ষায় ৫ অগস্ট উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির কারণে ক্ষীরগঙ্গা নদীতে হঠাৎ হড়পা বান নেমে আসে। মুহূর্তে গ্রামগুলি জলের তোড়ে তছনছ হয়ে যায়। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একাধিক বাড়ি। সরকারি হিসাবে ওই ঘটনায় প্রাণ হারান অন্তত পাঁচ জন, এখনও বহু মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি।







