আবহাওয়া

দুর্গাপুজোর আগে বড় চিন্তা! নিম্নচাপ ও জলছাড়ায় ভাসতে পারে দক্ষিণবঙ্গ

দুর্গাপুজো ঘনিয়ে আসতেই শহরবাসীর মনে একটাই প্রশ্ন—পুজোয় কি ভিজবে আনন্দ? আবহাওয়া দফতরের পূর্বাভাস কিন্তু আশঙ্কা বাড়াচ্ছে।

কি বলছে আবহাওয়া দপ্তর জেনে নিন,,,,,

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। কলকাতার আকাশেও মেঘলা আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা রাজ্যে বৃষ্টি বাড়াবে। এরপর ২৬ সেপ্টেম্বর আরও একটি নিম্নচাপ তৈরি হয়ে ২৭ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে দুর্গাপুজোর দিনগুলোতে বৃষ্টির ভ্রুকুটি থেকে মুক্তি পাওয়া মুশকিল। তবে ২৪ তারিখ নাগাদ আরও নির্দিষ্ট পূর্বাভাস প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন।

এদিকে আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে নতুন চিন্তা তৈরি করেছে দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) জলছাড়া। জানা গিয়েছে, ৪৯ হাজার ৪৪১ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। এর পাশাপাশি গালুডি থেকেও আরও প্রায় ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

এই জলছাড়া নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি এই পদক্ষেপকে ‘অমানবিক’ বলে আখ্যা দিয়েছেন এবং প্লাবনের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।

সব মিলিয়ে, নিম্নচাপের প্রভাব আর ডিভিসির জলছাড়ার কারণে দুর্গাপুজোয় আকাশ কেমন থাকবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তবে আবহাওয়া দফতরের ইঙ্গিত বলছে, পুজোর ক’দিন টিপটিপ বৃষ্টি ভিজিয়ে দিতে পারে শহর ও রাজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.