জেলারাজনীতি

খাবার লেগে থাকা হাত, মাটি ছোঁয়া পা… আত্মহত্যার তত্ত্বে সন্দেহ তৃণমূল শিবিরে

দুর্গাপুরের দশেরবাঁধ এলাকায় শনিবার বিকেলে চাঞ্চল্যের সৃষ্টি হয় তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা রাজ্যের আইএনটিটিইউসির সহ-সভাপতি নিখিল নায়েকের (৫৮) মৃত্যুকে ঘিরে। নিজের বাগানবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও, খুনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর নগর নিগমের ১ নম্বর ওয়ার্ডের কমলপুরে নিখিলবাবুর বাগানবাড়ির দোতলার সিঁড়ির রেলিংয়ে ঝুলতে দেখা যায় তাঁকে। খবর ছড়াতেই এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে সমর্থকরা ছুটে আসেন ঘটনাস্থলে।

তৃণমূল কর্মীদের একাংশ দাবি করেছেন, ঘটনাটি আত্মহত্যা নয়। তাঁদের বক্তব্য, মৃতের হাতে খাবার লেগেছিল এবং তাঁর পা মাটি ছুঁয়ে ছিল— যা আত্মহত্যার সাধারণ চিত্র নয়। তাঁদের আশঙ্কা, এটি পরিকল্পিত খুন হতে পারে।

ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। দুর্গাপুর-পূর্বের ডিসি অভিষেক গুপ্তা জানিয়েছেন, “পূর্ণাঙ্গ তদন্ত চলছে। দ্রুত ঘটনার রহস্য উন্মোচিত হবে।”

ঘটনার খবর পেয়ে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদারও পৌঁছান। তিনি বলেন, “নিখিলবাবু একজন বর্ষীয়ান নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। সমর্থক ও পুলিশের মধ্যে বচসা ও সংক্ষিপ্ত সংঘর্ষও হয়। আত্মহত্যা নাকি খুন— সেই প্রশ্নের উত্তরেই এখন নজর গোটা অঞ্চলের। স্থানীয়রা আশা করছেন, তদন্তে দ্রুত প্রকৃত সত্য সামনে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.