বারাসত: বছরের অন্য সময় রাজনীতির চাপে ব্যস্ত থাকলেও দুর্গাপুজোর ক’টা দিন একেবারে পারিবারিক আবহে মেতে থাকেন তিনি। বাড়ির প্রাচীন পুজোর কর্ত্রী হিসেবে পূজা-অর্চনা থেকে অতিথি আপ্যায়ণ—সবেতেই নজর রাখেন। তবে এবছর পঞ্চমীর দিনে ফেসবুকে দেওয়া এক শুভেচ্ছা বার্তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বারাসতের চারবারের সাংসদ তথা তৃণমূল নেত্রী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারকে।
শনিবার ফেসবুকে বাড়ির প্রতিমার সঙ্গে ছবি পোস্ট করে সাংসদ লিখেছেন,
“সবাইকে শারদ শুভেচ্ছা জানাই। অসুর নিধনকারী মা আমার আরাধ্য দেবী আমার সঙ্গে। যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তাদের ধ্বংস করে দেবেন। আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি আর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সাথে যতদিন আছেন, আমায় কেউ হারাতে পারবে না।”
এই বক্তব্য ঘিরেই নতুন করে তরজা শুরু হয়েছে জেলা রাজনীতিতে। অনেকে মনে করছেন, সম্প্রতি বারাসত সাংগঠনিক জেলার ব্লক ও টাউন সভাপতি নির্বাচনে নতুন নেতৃত্ব আসার পর থেকেই অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে কাকলির শিবিরে। তাঁর পোস্ট সেই অস্বস্তিরই প্রতিফলন।
তবে বিতর্কে জল ঢালার চেষ্টা করেছেন স্বয়ং সাংসদ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এটা মা দুর্গার কাছে আমার প্রার্থনা ছাড়া আর কিছু নয়। যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় হাতে করে মহীরুহে পরিণত হয়েছে, সেই দলের বিরুদ্ধে কিছু বলার আমার ঔদ্ধত্য নেই। বিরোধীরা আমাকে হারানোর চেষ্টা করেছে। সেই কারণেই এমন প্রার্থনা করেছি। দলের পতাকা নিয়েই আমি মরব।”
ডাঃ কাকলির বাড়ির দুর্গাপুজো তিন শতকেরও বেশি প্রাচীন। গত ৪২ বছর ধরে মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় এই আয়োজন হয়। এবছরও স্থানীয় মানুষ থেকে শুরু করে জেলার রাজনৈতিক নেতা-মন্ত্রী—সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে এই উৎসবের আবহেও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টে নতুন করে আলোচনায় উঠে এসেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এখন দেখার, পুজোর পরেও এই বিতর্ক কতদূর গড়ায়।







