রবিবার সন্ধ্যার নিস্তব্ধতা হঠাৎই ভাঙল গুলির শব্দে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ (৪০)। স্থানীয়ভাবে তিনি এলাকার এক পরিচিত মুখ—মোড়ের ধারে তাঁরই ছোট্ট চায়ের দোকান, যেখানে প্রতিদিনের মতো সেদিনও দোকানে বসেছিলেন তিনি।
সন্ধ্যার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারদিক অন্ধকারে ঢেকে যায়। সেই সুযোগেই ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই চার রাউন্ড গুলি ছোঁড়া হয়, সঙ্গে তিনটি বোমা ফাটে। দুটি গুলি গিয়ে লাগে সেলিমের পিঠ ও গালে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
চোখের পলকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দু’টি বাইকে চারজন দুষ্কৃতী আসে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা বোমা। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে সেলিমকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
অন্ধকারের কারণে কেউ হামলাকারীদের মুখ চিনতে পারেনি। কে বা কারা এই আক্রমণের পিছনে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই হামলার নেপথ্যে রাজনৈতিক বিরোধ না ব্যক্তিগত শত্রুতা—তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার পর প্রশাসনের উচিত এলাকায় টহলদারি বাড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করা।







