ক্রিপ্টোকারেন্সির বাজারে ফের ধস নেমেছে, আর এই পতন যেন একেবারে ভূমিকম্পের মতো। শনিবারের এক নিমেষে বিশ্বজুড়ে ক্রিপ্টো মার্কেট থেকে উবে গেল প্রায় ১৯০ কোটি মার্কিন ডলার। বিনিয়োগকারীদের চোখের সামনে মুহূর্তের মধ্যে ভেস্তে গেল একাধিক বড় পজিশন।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ক্রিপ্টো জগতের দুই দানব— বিটকয়েন ও ইথেরিয়াম। বিটকয়েন এক ধাপে প্রায় ১২ শতাংশ পড়ে গিয়ে ১ লক্ষ ২৫ হাজার ডলার থেকে নেমে আসে ১ লক্ষ ১৩ হাজার মার্কিন ডলারে। কয়েনগ্লাসের তথ্য বলছে, মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১৬ লক্ষ ট্রেডার তাঁদের সমস্ত ক্রিপ্টো অ্যাসেট বিক্রি করে দিয়েছেন।
এই বিপর্যয়ের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ইউক্রেনের তরুণ ক্রিপ্টো ট্রেডার কনস্টানিন গ্যালিশ-এর মৃত্যু ঘিরে। বিলাসবহুল গাড়ির ভিতর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান— আত্মঘাতী হয়েছেন তিনি। তবে স্থানীয় সূত্রে দাবি, সাম্প্রতিক এই বাজার ধসেই তিনি সর্বস্ব খুইয়ে ফেলেছিলেন।
ধসের পেছনে ট্রাম্পের সিদ্ধান্ত?
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অর্থনৈতিক সিদ্ধান্তই এই ধসের অন্যতম কারণ। শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন, চীনের সমস্ত পণ্যের উপর ১০০ শতাংশ বাড়তি শুল্ক বসানো হবে। ঘোষণা হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আর্থিক বাজারে— বিশেষত ক্রিপ্টো দুনিয়ায়।
ওয়াকিবহাল মহলের মতে, ট্রাম্পের এই নীতি খুচরো বিনিয়োগকারীদের উপরেই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। কারণ, বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে ‘শর্ট পজিশন’ রেখে লাভ তুলতে পারেন, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা পড়েন সর্বনাশে। ফলে এক নিমেষে নিঃস্ব হয়ে পড়ছেন বহু মানুষ।
ক্রিপ্টো বাজারের এই উত্থান-পতন নতুন নয়। তবে এবারকার ধস যেন আরও গভীর, আরও নির্মম। বিনিয়োগকারীদের অনেকেই বলছেন— “এই বাজারে কেউ রাজা হয়, কেউ শেষ।” গ্যালিশের মৃত্যু যেন সেই নিষ্ঠুর বাস্তবেরই প্রতিচ্ছবি।







