সারদা চিটফান্ড কাণ্ডে বড় স্বস্তি পেলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তাঁর আগাম জামিন বহাল থাকবে। সিবিআই এই জামিন বাতিলের আবেদন করেছিল, কিন্তু প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। যদিও আদালত জানিয়েছে, রাজীব কুমারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এখনও চলবে, এবং সেটির ফলাফলের উপর নির্ভর করবে ভবিষ্যতে তাঁর জামিনের স্থিতি। আগামী আট সপ্তাহ পরে ফের শুনানি হবে এই মামলার।
উল্লেখ্য, রাজীব কুমার ছিলেন সারদা তদন্তে গঠিত বিশেষ তদন্ত দলের (সিট) সদস্য। পরে সিবিআই অভিযোগ তোলে যে, তদন্তে তিনি যথাযথ সহযোগিতা করেননি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন। সেই কারণেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল সিবিআই।
২০১৯ সালের অক্টোবরে কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে আগাম জামিন দেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সিবিআই সুপ্রিম কোর্টে যায়। দীর্ঘ ছয় বছর পর আজ সেই মামলার নিষ্পত্তি হলো সিবিআইয়ের বিপক্ষে।
আজকের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা তীব্র মন্তব্য করেন— “এটা খুবই গুরুতর বিষয়। সিবিআই অফিসারদের হেনস্থা করা হয়েছিল, এমনকি মহিলা অফিসারদেরও ছাড় দেওয়া হয়নি। সবাই জানে মুখ্যমন্ত্রী তখন কী করেছিলেন। রাজীব কুমারকে অনেকেই বাঁচাতে চাইছেন।”
প্রসঙ্গত, এই মামলার শেষবার শুনানি হয়েছিল সোমবার। তখন আদালত প্রশ্ন তোলে, “এত বছর ধরে সিবিআই আর কোনও পদক্ষেপ করল না কেন?” ২০১৯ সালে মামলার নোটিস ইস্যু হয়েছিল, কিন্তু তার পরে আর কোনও অগ্রগতি হয়নি। দীর্ঘ নীরবতার পর অবশেষে রাজীব কুমারের পক্ষে রায় দিল শীর্ষ আদালত।







