নিজস্ব সংবাদদাতা, হুগলি:
ধনতেরাস ও দীপাবলির প্রাক্কালে চণ্ডীতলা থানার তৎপরতায় বড়সড় ডাকাতি রুখে দেওয়া গেল। পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী, উদ্ধার হল দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড কার্তুজ, ভোজালি ও তালা ভাঙার সরঞ্জাম।
রবিবার দুপুরে হুগলির মশাট অঞ্চলে নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায় কয়েকজনকে। পুলিশ আটকাতে গেলে একটি গাড়িতে চেপে কিছু দুষ্কৃতী পালিয়ে যায়। তবে পাঁচজনকে পাকড়াও করতে সক্ষম হয় চণ্ডীতলা থানার পুলিশ।
তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে মেলে দুটি দেশি পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ, দুটি ভোজালি, একটি ছুরি, শার্টার ও তালা ভাঙার যন্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মশাটের একটি সোনার দোকানে ডাকাতির পরিকল্পনাই ছিল তাদের।
ধৃতদের নাম সুরজ মণ্ডল, কুতুবর মণ্ডল, রাজা উদ্দিন, অলোক সমাদ্দার এবং আশিস সাহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দুই জনের বাড়ি হুগলিতে, একজন দক্ষিণ ২৪ পরগনায় এবং বাকি দুই জন উত্তর ২৪ পরগনায়।
হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান, “আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, মশাট অঞ্চলের এক সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্য নিয়েই তারা এসেছিল। ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
চণ্ডীতলা থানা স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে। সোমবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে খবর, যারা পালিয়েছে তাদের সন্ধানেও তল্লাশি জোরদার করা হয়েছে।







