দীর্ঘদিন ধরে মহিলা প্রবেশাধিকার নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা কেরলের বিখ্যাত শবরীমালা মন্দির আবারও খবরের শিরোনামে। বুধবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্দির পরিদর্শনে এসে এক নতুন ইতিহাস গড়লেন। হেলিকপ্টার অবতরণে সমস্যার মতো সামান্য ঝুঁকি উপেক্ষা করে তিনি সবরীমালায় পুজো দেন। দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে তাঁর এই সফরকে শুধুমাত্র একটি ধর্মীয় তীর্থযাত্রা হিসেবে দেখা হচ্ছে না, বরং এটি এক গভীর সাংস্কৃতিক ও রাজনৈতিক বার্তা বহন করছে।
শবরীমালার ভগবান আয়াপ্পার এই মন্দিরটি নারী প্রবেশাধিকারের কঠোর নীতির জন্য পরিচিত। যদিও ২০১৮ সালের সুপ্রিম কোর্টের রায় এই রীতিকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু মন্দির কর্তৃপক্ষ এবং ভক্তদের একটি অংশ এখনও ঐতিহ্য মেনে চলছে। এই প্রেক্ষাপটে, মুর্মু পুজো দিলেন মন্দিরের সব প্রথা এবং ধর্মীয় রীতি কঠোরভাবে অনুসরণ করে। এর আগে ১৯৭০-এর দশকে তৎকালীন রাষ্ট্রপতি ভি ভি গিরি এই মন্দিরে এসেছিলেন। তার প্রায় ৪৬ বছর পর কোনো রাষ্ট্রপ্রধানের শবরীমালা সফর এটি। রাষ্ট্রপতি পাম্পা থেকে মন্দিরের মূল স্থান সন্নিধানম পর্যন্ত পাহাড়ি পথে হাঁটার পরিবর্তে বিশেষ চার-চাকা যানে পৌঁছান। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল, তিনি নিজে পবিত্র ইরুমুডিকেট্টু (দেবতার কাছে নিবেদনের জন্য সাজানো পুজোর উপকরণ) মাথায় বহন করে নিয়ে যান। মন্দিরের প্রধান পুরোহিত মেলশান্তি এই পবিত্র পোঁটলা গ্রহণ করে রাষ্ট্রপতির পক্ষে পুজো সম্পন্ন করেন। বিজেপি সহ বিভিন্ন দল এই সফরকে মুর্মুর ধর্মীয় নিষ্ঠা ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে।






