বসিরহাট মহকুমা জুড়ে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব যেন কোনওভাবেই থামছে না। ব্লক সভাপতি পদ বণ্টনকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ, টানাপোড়েন, পথ অবরোধে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা অঞ্চল।
গত ১৯ অক্টোবর বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে নতুন সভাপতি পদ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রবল ক্ষোভ ও বিক্ষোভ। আজ, হাসনাবাদ এক নম্বর ব্লকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলামকে সরিয়ে নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান আনন্দ সরকার। আর সেই সিদ্ধান্তকে ঘিরেই দলে ফাটল প্রকট। সকাল থেকেই আমিরুল গোষ্ঠীর কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।
অন্যদিকে, প্রায় হাজারখানেক সমর্থককে নিয়ে বনবিবি সেতুর উপরে মিছিল বার করেন নবনিযুক্ত সভাপতি আনন্দ সরকার। তাঁর দাবি,
“আমি বহুদিন ধরে তৃণমূল করে আসছি। দলের যে দায়িত্ব পেয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করব। কিছু নেতা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিক্ষোভ দেখাচ্ছে। আমরা মানুষের ভালোবাসা নিয়েই ২০২৬-এর ভোটে হাসনাবাদে জয় নিশ্চিত করব।”
পাল্টা সুরে প্রাক্তন সভাপতি আমিরুল ইসলাম অভিযোগ করেন,
“যাকে সভাপতি করা হয়েছে, তার অতীতে বামফ্রন্ট ও বিজেপির সঙ্গে যোগ ছিল। তিনি দুর্নীতিগ্রস্ত। টাকার বিনিময়ে এই পদ দেওয়া হয়েছে। যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে বলেই আমরা রাস্তায় নেমেছি।”
বর্তমানে বসিরহাট মহকুমার একাধিক ব্লকে একই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ভোট যত এগিয়ে আসছে, শাসক দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব ততই প্রকাশ্যে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল।







