খেলাধুলা

জল্পনায় সিলমোহর! কেকেআরের প্রধান কোচ হচ্ছেন অভিষেক নায়ার, পুরনো নাইট তারকার বড় দায়িত্বে প্রত্যাবর্তন

অবশেষে জল্পনাতেই সিলমোহর পড়ছে। আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন দলের পুরনো মুখ অভিষেক নায়ার। শীঘ্রই নাইট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই সিদ্ধান্তের সরকারি ঘোষণা আসবে। এর আগে অভিষেক কেকেআরের সহকারী কোচের পদে ছিলেন। যদিও প্রথম কোনও প্রথম সারির ফ্র্যাঞ্চাইজি দলের পূর্ণাঙ্গ দায়িত্ব এই প্রথম নিতে চলেছেন তিনি।

গত মরশুমটা কলকাতা নাইট রাইডার্সের মোটেও ভালো যায়নি। মেন্টর ডোয়েন ব্র্যাভো এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের জুটি নিয়ে দলের অভ্যন্তরে এবং বাইরে প্রচুর সমালোচনা হয়েছিল। এরপরই পণ্ডিতের বিদায় ঘটে। অভিষেক নায়ারের প্রত্যাবর্তন হচ্ছে সেই শূন্যস্থানে। মজার বিষয় হলো, ২০২৪ সালে গৌতম গম্ভীরের মেন্টরশিপে নাইটরা যখন আইপিএল চ্যাম্পিয়ন হয়, তখন সেই দলের সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার। পরে গম্ভীরের সঙ্গে তিনি ভারতের জাতীয় দলেও যান। যদিও সেই সফরটা সুখের হয়নি এবং বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার জেরে চাকরি চলে যায় নায়ারের। আইপিএলের মাঝপথে কেকেআরে ফিরে আসার পর এবার সেখানেই তাঁর বড়সড় পদোন্নতি হচ্ছে। এর আগে তিনি মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়ার্সের কোচ হিসেবেও কাজ করেন, যদিও সেই দায়িত্বে এখনও তিনি সাফল্য পাননি।

ক্রিকেট মহলে অভিষেক নায়ারের সুনাম রয়েছে মূলত তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁর দারুণ সম্পর্কের জন্য। বলা হয়, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী বা হর্ষিত রানার মতো প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তিনি এর আগে অ্যাকাডেমির হেড কোচের দায়িত্বেও ছিলেন। সম্প্রতি তিনি রোহিত শর্মার ফিটনেস বাড়ানোর ক্ষেত্রে ছায়াসঙ্গীর মতো লেগে ছিলেন এবং কে এল রাহুলের ফিটনেস ও ফর্ম ফেরাতেও কাজ করছেন। তরুণদের গড়ে তোলার কাজটা অভিষেক খুব ভালোভাবেই করেন।হেডকোচের পদে বসেই অভিষেক নায়ারকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তাঁর প্রথম কাজ হবে আসন্ন মিনি নিলামের আগে দলের কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, সেই তালিকা চূড়ান্ত করা। শোনা যাচ্ছে, গত মরশুমে ব্যর্থ হওয়া বহু তারকাকে এবার ছাঁটতে চলেছে নাইটরা। সেই তালিকায় শুরুতেই নাম রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। এছাড়াও আনরিখ নখিয়া, মইন আলি, রহমনুল্লাহ গুরবাজ এবং স্পেনসার জনসনদের মতো তারকাদের বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো, আন্দ্রে রাসেলকে রাখা হবে কিনা, সেই সিদ্ধান্তও নিতে হবে নায়ারকে। আবার আগামী মরশুমে কাদের সই করানো হবে, সেই কৌশলও তাঁকেই ঠিক করতে হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.