২৭ ডিসেম্বর থেকে রাজ্যে চলছে SIR এর হিয়ারিং। এনুমারেশন ফর্মে , কোনোরকম ত্রুটি থাকলেই , হিয়ারিং এ ডাকা হচ্ছে। নাগরিকত্ব প্রমানের জন্য দেখাতে হচ্ছে যথাযথ নথিও। তারকা থেকে খেলোয়াড় অনেকেই রয়েছেন সেই শুনানির তালিকায়। শাসকদলের সাংসদ তথা অভিনেতা দেব থেকে ভারতীয় ক্রিকেটার শামি , কেউই বাদ যাননি হিয়ারিং এর ডাক থেকে। এবার হিয়ারিং এর ডাক পেলেন নোবেলজয়ী অমর্ত্য সেনও ! যা নিয়ে রামপুরহাটের সভা থেকে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন , ”অমর্ত্য সেনকেও শুনানির নোটিস পাঠিয়েছে! ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিত্বকেও এরা হেনস্তা করতে ছাড়েনি। টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র, অভিনেতা-সাংসদ দেবকে নোটিস, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস দিয়েছে। এগুলো কি ষড়যন্ত্র নয়?” অভিষেকের কড়া বার্তা , যারা এই ষড়যন্ত্র করছে , তাদের ভোটে হারাতেই হবে।
উল্লেখ্য , নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বছরের বেশিরভাগ সময় বিদেশে কাটালেও , তিনি ভারতীয় নাগরিক। দেশে এসে ভোটও দেন। বিভিন্ন বিষয়ে পেশ করেন নিজের মতামতও। বিহারে এসআইআরের সময়ও অমর্ত্য সেন বলেছিলেন , ”যদি কিছু কিছু ভোটারকে বাদ দেওয়াই যদি লক্ষ্য হয়, তাহলে তা হবে ভয়ংকর।” উল্লেখ্য , বহুবার মোদী সরকারের বিভিন্ন অর্থনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধেও মন্তব্য করতে দেখা গিয়েছে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে।
রামপুরহাটের সভা থেকে এদিন অভিষেক বলেন , ”দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করা নোবেলজয়ী অমর্ত্য সেনকেও কমিশন এসআইআর নোটিস পাঠানো হল! এর জবাব আপনারা ভোটে দেবেন তো?”







