দেশ

অন্ধ্রপ্রদেশে ফের ONGC-র গ্যাস কূপে বিপত্তি, লিকেজের জেরে সরানো হল ৮০০ গ্রামবাসীকে**

অন্ধ্রপ্রদেশে ফের গ্যাস লিকের ঘটনা। ONGC-র একটি গ্যাস কূপে বড়সড় বিপত্তি ঘিরে ছড়াল আতঙ্ক। মঙ্গলবার ভোরে গ্যাস নির্গমনের ঘটনা সামনে আসতেই কূপ সংলগ্ন এক কিলোমিটার এলাকা খালি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। নিরাপত্তার স্বার্থে প্রায় ৮০০ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরে এই নিয়ে একই এলাকায় চারবার গ্যাস লিকের ঘটনা ঘটল। ঘনঘন এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

ONGC সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ কোনাসিমা জেলার ২১৬ নম্বর জাতীয় সড়কের পাশে গেড্ডাডা গ্রামের একটি গ্যাস কূপে রি-ড্রিলিংয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই বিকট শব্দে কূপ থেকে গ্যাস বের হতে শুরু করে। যদিও কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি, তবে দ্রুত গ্যাস ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে গ্রামবাসীদের সতর্ক করে প্রশাসন। কূপের চারপাশে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ৪০০ থেকে ৫০০টি পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আপাতত গ্যাস লিক বন্ধ করার কাজ চলছে। প্রশাসনের আশা, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

জেলাশাসক মহেশকুমার রবিলালা জানিয়েছেন, গ্যাস পাশের দিকে ছড়িয়ে না পড়ে উপর দিকে উঠে যাচ্ছে। তাই বড়সড় বিপদের আশঙ্কা তুলনামূলকভাবে কম। তাঁর কথায়, সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগাম সতর্কতা হিসেবে স্থানীয় বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম, আলো এবং গ্যাসের উনুন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন।

অন্যদিকে, ঘটনার খবর পেয়েই ONGC-র উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। গ্রামবাসীদের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কোনাসিমা জেলায় বারবার গ্যাস লিকের ঘটনা নতুন নয়। গত জানুয়ারি মাসেও জেলার মোরি গ্রামের একটি গ্যাস কূপে ব্লোআউটের জেরে আগুন লেগেছিল। টানা প্রায় পাঁচ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। একই জেলায় একের পর এক এমন দুর্ঘটনায় এবার ONGC-র নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.