গত মাস থেকে শুরু হয়েছে দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের কাজ। এত দিন পর্যন্ত আংশিক বন্ধ হলেও সেতু পুরোপুরি বন্ধ হয়নি। আর এবার দু’ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ হতে চলেছে বাংলার বিস্তীর্ণ অংশ থেকে কলকাতায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেতুটি।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৩টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। যেহেতু ওই সময়ে এই সেতু দিয়ে পণ্যবাহী গাড়িই বেশি চলাচল করে সেহেতু সব গাড়িকেই বিকল্প পথ দিয়ে অর্থাৎ স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের উদ্দেশে ঘুরিয়ে দেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর, একই ভাবে কলকাতামুখী গাড়িগুলিকেও বিকল্প রাস্তায় পাঠাবে হাওড়া সিটি পুলিশ।
এই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স। প্রথমে কথা ছিল পুজোর আগেই শুরু হবে। কিন্তু তা উত্সবের সময়ে আংশিক বন্ধ থাকলেও যান চলাচলে বিঘ্ন ঘটত। শেষ পর্যন্ত গত মাস অর্থাৎ নভেম্বরে শুরু হয় কাজ।







