নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগান এলাকার ইটভাটা পাড়ায় বুধবার ভোরে ঘটে চাঞ্চল্যকর এবং ভয়াবহ এক ঘটনা। অভিযোগ, শিশুর কান্নায় ঘুমের ব্যাঘাতে ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে বৌমা কমলা বিশ্বাসের ওপর নৃশংস হামলা চালান তাঁর ভাসুর সুব্রত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কমলা দেবী। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত সুব্রতকে হাতেনাতে ধরে ফেলেন এবং গাছে বেঁধে রেখে খবর দেন থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মারাত্মক জখম কমলা বিশ্বাসকে স্থানীয়রা প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। মাথা ও পিঠে ধারালো দায়ের চার-পাঁচটি কোপ লাগায় তাঁর অবস্থা দ্রুতই গুরুতর হয়ে ওঠে। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করেন কৃষ্ণনগরে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় কমলা দেবীর স্বামী সুশান্ত বিশ্বাস বাড়িতে ছিলেন না। প্রতিদিনের মতো ভোররাতেই কাজের উদ্দেশ্যে কলকাতায় রওনা হয়েছিলেন। শাশুড়িও বাড়ির বাইরে ছিলেন গতকাল রাতে। ফলে কমলা দেবী একাই ছিলেন অসুস্থ সন্তানকে নিয়ে। শিশুটি রাতভর কাঁদছিল বলে জানা গেছে।
প্রতিবেশীরা জানান, শিশুর কান্নায় ঘুমে ব্যাঘাত হওয়ায় ভাসুর সুব্রত মাঝরাত থেকেই ক্ষোভ প্রকাশ করছিলেন। ভোরে ভাই বাড়ি ছেড়ে যাওয়ার পর তাঁর রাগ আরও চড়ে যায়। এরপরই ঘর থেকে দা বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন তিনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদই এই হামলার মূল কারণ। তবে শুধুই ঘুমের ব্যাঘাত নাকি এর পিছনে আরও পুরনো শত্রুতা রয়েছে—তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত, কমলা বিশ্বাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তদন্ত চলছে।







