বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি তাঁর ১৪ বছরের দাম্পত্য সম্পর্কে ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলে আইনি লড়াই শুরু করেছেন। স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, মানসিক ও শারীরিক নির্যাতন, জবরদস্তি এবং অনৈতিক চাপ প্রয়োগের মতো একাধিক অভিযোগ উল্লেখ করেছেন তিনি ডিভোর্সনামায়। মুম্বই আদালতের নির্দেশে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় বসবাসকারী পিটার হগের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
২০১১ সালে অস্ট্রেলিয়াভিত্তিক ব্যবসায়ী পিটার হগকে বিয়ে করেন সেলিনা। দম্পতির তিন সন্তান রয়েছে। কিন্তু অভিনেত্রীর দাবি, বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামীর আসল আচরণ সামনে আসে। তিনি অভিযোগ করেছেন, পণের জন্য চাপ, অত্যধিক নিয়ন্ত্রণ, নানা অজুহাতে অপমান ও শারীরিক আক্রমণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি সন্তান জন্মের অল্প সময় পরেও তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে দাবি সেলিনার। একাধিক ঘটনায় প্রতিবেশীদের হস্তক্ষেপে তিনি রক্ষা পেয়েছিলেন।
সেলিনা আদালতে অভিযোগ করেছেন, স্বামীর আচরণ সময়ের সঙ্গে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ধারাবাহিক হুমকি, অবমাননাকর আচরণ এবং বিবাহিত সম্পর্কের সীমা লঙ্ঘনকারী নানা চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাঁর আরও দাবি, সন্তানদের সামনে তাঁকে অপমান করা হতো এবং সময়ের সঙ্গে সঙ্গে সন্তানদের থেকেও দূরে সরিয়ে দেওয়া হয় তাঁকে। বর্তমানে তিন সন্তানই অস্ট্রেলিয়ায় রয়েছে, এবং তাঁদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন তিনি।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই স্বামীর অমানবিক ব্যবহার সহ্য করতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। এ অবস্থায় স্থায়ী খোরপোশ হিসেবে পিটার হগের কাছ থেকে ৫০ কোটি টাকা দাবি করেছেন সেলিনা। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।







