শীতের শেষলগ্নে দাঁড়িয়ে বাংলার আবহাওয়ায় আপাতত বড় কোনও চমক নেই। দিনের বেলায় রোদ্দুরের দাপট থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভূত হবে রাজ্যজুড়ে। ভোরের দিকে অবশ্য উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশা চিন্তার কারণ হয়ে উঠছে।
বৃহস্পতিবার ভোর থেকেই জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় আকাশ। এর ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা থাকায় যানবাহন চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ধীরে ধীরে কুয়াশার দাপট কমতে শুরু করবে।
রাতের তাপমাত্রা কিছুটা নামলেও দিনের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আর নতুন করে জাঁকিয়ে শীত ফেরার কোনও ইঙ্গিত নেই। কিছু এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী দু’-তিন দিনের মধ্যে কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে এরপর আর পারদ পতনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতাতেও আবহাওয়া থাকবে প্রায় একই রকম। কনকনে ঠান্ডা ফিরে আসার আশা আপাতত নেই। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রির আশেপাশে।







