দাবার বোর্ড এবার জলের গভীরে! মস্তিষ্কের খেলার সঙ্গে যেখানে ফুসফুসের ক্ষমতাও জরুরি। এমন এক অভিনব প্রতিযোগিতার সাক্ষী হলো কেপ টাউন। ডাইভিং চেস কেপ টাউন ২০২৫ নামে পরিচিত এই অনন্য টুর্নামেন্টের ফাইনালে স্বদেশী গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা-কে হারিয়ে খেতাব জিতলেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার হ্যান্স নিয়েম্যান। দক্ষিণ আফ্রিকার সাইলো হোটেলে ফ্রি স্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম ফাইনালসের ফাঁকেই এই রোমাঞ্চকর ইভেন্টের আয়োজন করা হয়েছিল।
এখানে খেলোয়াড়দের একটি ছোট বোর্ড নিয়ে পুলের প্রায় চার ফুট নিচে নামতে হয়। এক একজন খেলোয়াড় জলের তলায় চাল দিয়ে ওপরে উঠে আসেন শ্বাস নিতে, আর সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ ডুব দেন পরের চাল দেওয়ার জন্য। দম ও বুদ্ধির এই লড়াইয়ে শেষ হাসি হাসলেন নিয়েম্যান।
এদিকে, এই টুর্নামেন্টের তৃতীয় স্থান দখলের লড়াইয়ে নামেন উজবেকিস্তানের সদ্য ফিদে বিশ্বকাপ জেতা জাভোহির সিনদারভ, যিনি ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাথিকে পরাজিত করে এই স্থানটি নিশ্চিত করেন।







