শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ , গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। বুধবার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ির । এই দুর্ঘটনায় ভোলানাথ ঘোষের ছেলে এবং তাদের চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ভোলানাথকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি ।
আর এই ঘটনার খবর সামনে আসতেই তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রশ্ন উঠছে , এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে ? দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ন্যাজট থানার পুলিশ। তারা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তও শুরু করেছে ।
তবে এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন , শেখ শাহজাহান মামলার পরই উঠে আসা বিজেপি নেত্রী রেখা পাত্র। তার কথায়, ”দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে খুন করার চেষ্টা করা হয়েছে।” এমনকি যে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়েছে , সেই ট্রাকের চালক শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন রেখা পাত্র।
জানা গিয়েছে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী , ভোলানাথ ঘোষ , এদিন সকালে আদালতের কাজেই যাচ্ছিলেন , তখনই ন্যাজোটের বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে তাদের গাড়ি ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্রতর ছিল যে , গাড়িটি ওই দুর্ঘটনায় , রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে । দুর্ঘটনার জেরে , একদম দুমড়ে মুচড়ে যায় গাড়িটি । এবং এই দুর্ঘটনায় ,গাড়ির চালক সহ ভোলানাথের ছেলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাক্ষী ভোলানাথ ঘোষ।
এই ঘটনায় ভোলানাথের বড় ছেলে , বিশ্বজিৎ ঘোষ জানান, “আমি যতটা শুনেছি ড্রাইভারের নাম আলিম। গাড়িটা ছিল লাউখালির। ওই লরিটা আগে থেকেই গাড়িটাকে ফলো করছিল। তারপর সামনে থেকে দু’বার ধাক্কা মেরেছে। তিনবারের বার ধাক্কা মেরে জলে ফেলে দেয়।” তিনি আরো বলেন, “ওইখানে একটাই রাজ চলে শাহজাহান শেখের। তবে এখন ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও মোসলেম শেখ দাপট চালাচ্ছেন। এরা শাহজাহানের র্যাকেট চালাচ্ছে। এটা একশো শতাংশ খুন। শাহজাহান শেখের ইন্ধনে সবিতা আর মোসলেম করিয়েছে।”







