লক্ষ কন্ঠে গীতাপাঠের অনুষ্ঠান হয়েছে ইতিমধ্যেই । আর তারপরেই লক্ষ কন্ঠে কোরান পাঠ , হরিনাম সংকীর্তন পাঠের ডাক দেওয়া হয়েছে । আর এবার ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ এর ডাক দিল কংগ্রেস শিবির । সাংবাদিক বৈঠক করে , প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘোষণা করেন , ২০ ডিসেম্বর দুপুর ১টায় রানি রাসমণি রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে ।
শুভঙ্কর সরকার বলেন , “বহুত্ববাদের পক্ষে বন্দে মাতরম গেয়ে শুরু করে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ হবে। দেশজুড়ে ভাষা, খাদ্য, পোশাক ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ড. বি আর আম্বেদকর প্রণীত সংবিধানকে রাষ্ট্রশক্তির মদতে পদদলিত করা হচ্ছে।”
উল্লেখ্য , কংগ্রেস কর্মীদের পাশাপাশি , সাধারণ জনগণও এই সংবিধান পাঠের অনুষ্ঠানে স্বতস্ফূর্ত ভাবে যোগদান করতে পারবেন । সংবিধান পাঠের অনুষ্ঠানের ডাক দিয়ে , চিঠি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও ।
উল্লেখ্য , প্রদেশ কংগ্রেসের তরফে , রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে পঞ্চম শ্রেণি থেকে স্কুলে স্কুলে সংবিধান পড়ানো বাধ্যতামূলক করার দাবীও জানানো হয়েছে । সংবিধান পড়লে কোনো ছাত্রছাত্রী তার বৃদ্ধ বাবা-মাকে আর ছেড়ে যাবে না বলেই দাবী প্রদেশ কংগ্রেসের ।







