নিজস্ব সংবাদদাতা : সিগন্যালিং-এ গলদ? নাকি চালকের গাফিলতি? ওড়িশার বালেশ্বরে ঘটা এই মর্মান্তিক ঘটনার আদেও দায় কার? উঠছে নানা প্রশ্ন। শনিবার রাত পর্যন্ত রেলের দাবি ছিল, মৃতের সংখ্যা ৩০০। বাড়ার আরও সম্ভাবনা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার নেপথ্যে কি বৃহৎ কোনও গড়বড় বর্তমান? এমনই সব প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেন ট্যুইটারে। যার পর থেকে রাজ্য-রাজনীতি তোলপার।
অন্যদিকে, বালেশ্বর জেলার পুলিস সুপার সাগরিকা নাথের আশঙ্কা মৃতের সংখ্যা ৫০০ ছুঁতে পারে। তবে তারই মধ্যে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।দুর্ঘটনার সময় চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেসের সামনে সিগন্যাল ছিল মেইন লাইনের। কিন্তু পয়েন্ট লুপলাইনেই রয়ে যায়। তার জেরেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। রেল সরকারিভাবে এই খবরে সিলমোহর দেয়নি। এমন পরিস্থিতিতে কুণালের অডিয়ো ক্লিপ রীতিমতো সাড়া ফেলেছে।
অডিয়ো ক্লিপে এক রেলকর্তা আর এক রেলকর্তাকে জানান, চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসকে ভুল ইঙ্গিত দেওয়া হয়েছিল। সিগন্যাল দেওয়া হয়েছিল মেইন লাইনের দিকে, আর পয়েন্টার ছিল লুপ লাইনের দিকে। এমনটা কেমন করে সম্ভব? প্রশ্ন করলেন আর এক রেলকর্তা। পাল্টা জবাব আসে, স্থানীয় কর্মীরা কেউ গোলমাল করলেই এমন হতে পারে। দুই রেলকর্তার কথোপকথনে স্পষ্ট, সিগন্যাল–পয়েন্টারের গণ্ডগোলেই দুর্ঘটনা ঘটেছে।







