কলকাতারাজনীতিরাজ্য

বিদেশে চিকিৎসার আবেদন, দ্রুত শুনানির আর্জিতে হাইকোর্টে ধাক্কা অভিষেকের

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ‘কালীঘাট তৃণমূল’-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়ে বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, মামলাটি তালিকায় যে ক্রমে রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। আলাদা করে দ্রুত শুনানির সুযোগ দেওয়া হবে না।

চোখের চিকিৎসার উদ্দেশ্যে এক সপ্তাহের জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। বুধবার তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। তবে সেই অনুরোধ নাকচ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। ওই ঘটনায় তাঁর বাঁ চোখের নীচে গুরুতর চোট লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। তারপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিকবার গিয়েছেন। তাঁর বাঁ চোখে একাধিক অস্ত্রোপচারও হয়েছে।

তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর বিদেশযাত্রার আবেদনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে চলা টানাপোড়েন, দলীয় নাম ও প্রতীক নিয়ে বিতর্ক, পাশাপাশি বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদ—সব মিলিয়ে বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে ডিজে হুমকি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত। সিআইডির আবেদনের ভিত্তিতে আগামী ৩০ জুন তাঁকে বিধাননগর আদালতে উপস্থিত হয়ে ভয়েস স্যাম্পল দিতে হবে। এই আবহে বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হাইকোর্টের চূড়ান্ত অবস্থান কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.