আইনি বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। একের পর এক অভিযোগে নাম জড়িয়েছে তাঁর ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার। এমনকি অভিনেত্রীর জনপ্রিয় রেস্তরাঁ ‘ব্যাস্টিয়ান’-এর বিরুদ্ধেও উঠেছে একাধিক অভিযোগ। মুম্বইয়ের পর বেঙ্গালুরু শাখাকে ঘিরে মামলা দায়ের, নির্ধারিত সময় অমান্য করে রেস্তরাঁ খোলা রাখা এবং ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ—সব মিলিয়ে চাপে শিল্পা শেট্টি। তবে এই সমস্ত আইনি জটিলতার মাঝেই নতুন রেস্তরাঁ খোলার ঘোষণা করে ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী।
শিল্পা জানিয়েছেন, মুম্বইয়ের এক অভিজাত এলাকায় খুব শিগগিরই খুলতে চলেছে তাঁর নতুন রেস্তরাঁ। উল্লেখযোগ্য ভাবে, এই এলাকাতেই রয়েছে মুম্বইয়ের বিখ্যাত ‘ব্যাস্টিয়ান’। একটি প্রচারমূলক ভিডিয়োয় অভিনেত্রী বলেন, “এই রেস্তরাঁ আমার শিকড় ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার নিবেদন। এখানকার খাবার খেলে বাড়ির স্বাদ ও গন্ধের কথাই মনে পড়বে। পাশাপাশি ব্যাস্টিয়ানের জনপ্রিয় কিছু পদও থাকছে।” ভিডিয়োটি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “রেস্তরাঁর দরজা খুলতে প্রস্তুত, রান্নাঘরও তৈরি।” শিল্পা জানান, ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে নতুন রেস্তরাঁর পথচলা শুরু হবে এবং অনুরাগীদের সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণও জানান তিনি।
এর আগে ‘ব্যাস্টিয়ান পাব’-এ বিল মেটানো নিয়ে প্রাক্তন ‘বিগ বস’ জয়ী সত্য নায়ডুর সঙ্গে বচসার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসায় সমালোচনার মুখে পড়ে রেস্তরাঁ কর্তৃপক্ষ। পাশাপাশি, বেঙ্গালুরু শাখা নির্দিষ্ট সময়সীমা অমান্য করায় কর্নাটক পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। এই সমস্ত ঘটনার মধ্যেই নতুন রেস্তরাঁর ঘোষণা ঘিরে প্রশ্ন উঠছে—আইনি চাপের মধ্যেও কি ব্যবসায়িক সম্প্রসারণে অনড় শিল্পা শেট্টি? সময়ই দেবে সেই উত্তর।







