বিদেশ

বাংলাদেশে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি: শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে ব্যাপক হিংসা, সংবাদমাধ্যমে হামলা

ঢাকার জনবহুল এলাকায় প্রকাশ্য সভায় গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্রহাসিনা-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্তিতে জ্বলছে বাংলাদেশ। লাগামছাড়া হিংসা, অগ্নিসংযোগ ও ভাঙচুরে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা-সহ একাধিক শহর। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার ঠিক আগেই নতুন করে তৈরি হওয়া এই অস্থিরতা প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে।
হাদির মৃত্যুর পর রাতভর ঢাকায় তাণ্ডব চালায় তাঁর অনুগামীরা। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নেয় বৃহস্পতিবার গভীর রাতে। সে সময় রাজধানীর শাহবাগ এলাকা থেকে বিক্ষুব্ধ জনতার একটি দল কারওয়ানবাজারে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রধান কার্যালয়ে জোর করে ঢুকে পড়ে। অফিসে ব্যাপক ভাঙচুর ও লুঠপাট চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। দাউ দাউ করে জ্বলতে থাকে সংবাদমাধ্যমের দফতর। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ক্রেনের সাহায্যে ভবনের ছাদ ও ভেতর থেকে কর্মীদের উদ্ধার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনওক্রমে প্রাণে বেঁচেছেন সাংবাদিক ও কর্মীরা।
শুধু প্রথম আলো নয়, তার আগেই বাংলাদেশের আরেক প্রভাবশালী সংবাদপত্র ‘ডেইলি স্টার’-এর অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন শহরে আওয়ামি লিগের একাধিক দফতরেও ভাঙচুর চালানো হয়েছে।
এই অশান্তির মধ্যেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে ভারত-বিরোধী মনোভাব। বিভিন্ন জায়গায় ভারত-বিরোধী স্লোগান উঠেছে। কট্টরপন্থীরা বৃহস্পতিবার রাতেই ঢাকায় ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে ইটপাটকেল ছোড়ে বলে জানা গিয়েছে। গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সিঙ্গাপুর থেকে দুপুর ৩টা ৫০ মিনিটে শরিফ ওসমান হাদির দেহ ঢাকায় আনা হবে। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজাকে কেন্দ্র করে ফের অশান্তির আশঙ্কা করছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.