মেসির ভারত সফর নিয়ে উন্মাদনা যেমন ছিল আকাশছোঁয়া, তার রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় আইনি বিপাকে পড়লেন এই সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল (সিট) তাঁর প্রায় ২২ কোটি টাকার সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। শুক্রবারই পুলিশ তাঁর রিষড়ার বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়েছে, যেখানে আস্ত একটি সুইমিং পুল থেকে শুরু করে নিজস্ব ফুটবল মাঠ সবেরই দেখা মিলেছে। যদিও তল্লাশির সময় শতদ্রু বা তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি, শুধু এক পরিচারিকা ছিলেন।
তদন্তকারীদের নজরে মূলত রয়েছে এই সফরের বিপুল অঙ্কের টাকা। তাঁদের সন্দেহ, মেসির এই ইভেন্টে কোনোভাবে কালো টাকা ব্যবহার করা হয়ে থাকতে পারে। সেই খতিয়ান দেখতে গিয়েই তাঁর ব্যাঙ্কে থাকা প্রায় ২৫ কোটি টাকা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই মোটা টাকা কি স্পনসরদের কাছ থেকে এসেছিল নাকি সাধারণ মানুষের টিকিট বিক্রির অর্থ, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
পুলিশের জেরায় অবশ্য শতদ্রু দত্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাঁর দাবি, লিওনেল মেসিকে ভারতে আনার জন্য সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছে, যার মধ্যে ৮৯ কোটি টাকা দিতে হয়েছে স্বয়ং মেসিকে এবং বাকি ১১ কোটি টাকা ভারত সরকারকে কর হিসেবে জমা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রভাবশালীদের চাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, প্রথমে ১৫০ জনের গ্রাউন্ড পাসের কথা থাকলেও বড় বড় মাথানিদের চাপে পড়ে সেই সংখ্যাটা প্রায় তিনগুণ বাড়িয়ে দিতে তিনি বাধ্য হয়েছিলেন। এই মুহূর্তে শতদ্রুর মাথার ওপর ঝুলছে একাধিক জামিন অযোগ্য মামলা। শান্তি বিঘ্নিত করা থেকে শুরু করে নাশকতামূলক কাজের অভিযোগ বাদ নেই কিছুই। বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সব মিলিয়ে, ফুটবলের জাদুকরকে দেশে এনে যে হাততালি পাওয়ার কথা ছিল, সেই হাততালির বদলে শতদ্রু এখন পুলিশের কড়া নজরদারিতে।







