রবিবার এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে শেষ হাসি তোলা থাকল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্য। ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের ট্রফি ঘরে তুলল পাকিস্তান। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে একতরফা জয় ছিনিয়ে নিল পাক কিশোররা।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। সৌজন্যে তাদের ওপেনার সমীর মিনহাস। একাই ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতীয় বোলারদের খড়কুটোর মতো উড়িয়ে দেন তিনি। সমীরের এই ইনিংস শুধু পাকিস্তানের রানকে পাহাড়ের চূড়ায় (৩৪৭/৮) পৌঁছে দেয়নি, বরং একগুচ্ছ বিশ্বরেকর্ডও ভেঙে চুরমার করেছে। যুব এশিয়া কাপের ফাইনালে এর আগে এত রান কেউ করতে পারেননি। ১৩ বছর আগে করা সামি আসলামের রেকর্ড ভেঙে সমীর এখন এই টুর্নামেন্টের ইতিহাসের সফলতম ব্যাটার। দীপেশ দেবেন্দ্রনের বলে আউট হওয়ার আগে তিনি ১৭টি চার ও ৯টি ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন। শেষ দিকে আহমেদ হুসেনের ৫৬ রানের ইনিংসটিও পাকিস্তানকে বড় স্কোরে পৌঁছাতে সাহায্য করে।
৩৪৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের শুরুটা অবশ্য মন্দ হয়নি। বিশেষ করে বৈভব সূর্যবংশী প্রথম চার বলেই ১৯ রান তুলে একটা আশা জাগিয়েছিলেন। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ভারত। অধিনায়ক আয়ুশ মাত্রে থেকে শুরু করে অ্যারন গর্গ, বিহান মালহোত্রা কিংবা অভিজ্ঞান কুণ্ডু কেউই ক্রিজে থিতু হতে পারেননি। পাক বোলার আলি রাজার বিষাক্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। শেষের দিকে দীপেশ দেবেন্দ্রন ৩৬ রানের একটি ঝোড়ো ইনিংস না খেললে ভারতের রান দেড়শও পেরোত না। শেষ পর্যন্ত মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। পাকিস্তানের হয়ে আলি রাজা একাই ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। কদিন আগে ইমার্জিং এশিয়া কাপেও বাংলাদেশের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের, আর এবার পাকিস্তানের কাছে এই হার নিঃসন্দেহে ভারতীয় যুব ক্রিকেটের জন্য বড় ধাক্কা।







