দিল্লি প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে ঝলমলে ব্যাটিংয়ের পাশাপাশি মাঠে বিতর্কেও শিরোনামে উঠে এলেন নীতীশ রানা। ওয়েস্ট দিল্লি লায়ন্সের অধিনায়ক শুক্রবার সাউথ দিল্লি সুপারস্টার্জ়ের বিরুদ্ধে খেলতে নেমে দিগ্বেশ রাঠীর সঙ্গে উত্তপ্ত বাক্যযুদ্ধে জড়িয়ে পড়েন। ঘটনার পর নীতীশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন— “কেউ যদি আমাকে খোঁচা মারে, তা হলে চুপ করে বসে থাকব না।”
ম্যাচের সময় দিগ্বেশের বোলিংয়ের ভঙ্গি নিয়েই শুরু হয় বিবাদ। একাধিক বার রান আপ সম্পূর্ণ করেও বল না ছাড়ায় নীতীশের মনঃসংযোগ ভাঙার চেষ্টা করেন এই স্পিনার। প্রথমে নীরব থাকলেও পরের মুহূর্তেই রিভার্স সুইপে ছয় মেরে জবাব দেন নীতীশ। এর পরই দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। দুই দল ও আম্পায়াররা পরিস্থিতি সামাল দিলেও ভিডিও দ্রুত ভাইরাল হয় সমাজমাধ্যমে। ম্যাচ শেষে নীতীশ বলেন, “আমি কাউকে কিছু বলি না। কিন্তু যদি কেউ বার বার বিরক্ত করে, তবে ব্যাট আর মুখ— দুই দিয়েই জবাব দেব।”
ঘটনাটিতে নতুন কিছু নেই। আইপিএলেও দিগ্বেশ তাঁর ‘নোটবুক’ উচ্ছ্বাস নিয়ে শাস্তি পেয়েছিলেন। বিসিসিআইয়ের জরিমানা ও এক ম্যাচের সাসপেনশনও তাঁকে আটকাতে পারেনি। এবারও বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। নীতীশ অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনও গন্ডগোল শুরু করেন না, কিন্তু অন্যায় সহ্যও করেন না। তাঁর মতে, খেলাটাকে সম্মান দেওয়াই সবচেয়ে জরুরি।
বিতর্কের আড়ালেই আলোচনায় রইল নীতীশের দুর্দান্ত ইনিংস। মাত্র ৫৫ বলে ১৩৪ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে দিয়েছেন তিনি। ৮টি চার ও ১৫টি ছয়ে গড়া এই নক-আউট ম্যাচের ইনিংস কার্যত প্রতিপক্ষকে অসহায় করে দেয়। দ্বিতীয় কোয়ালিফায়ারেও ব্যাট হাতে দাপট দেখিয়ে ইস্ট দিল্লিকে হারিয়ে দলকে ফাইনালে তুলেছেন। মাঠের ঝামেলা যতই শিরোনাম কাড়ুক না কেন, ব্যাট হাতে রণদূত হিসেবেই আলো ছড়াচ্ছেন নীতীশ।







