ভক্তিতে গদগদ ভাব, পরনে লালপেড়ে শাড়ি, হাতে পুজোর ডালা—দেখে মনে হওয়ার কোনও কারণই ছিল না যে ওই মহিলা আসলে চোর। কিন্তু সেই ভক্তির আড়ালেই চলছিল একের পর এক মন্দিরে দুঃসাহসিক চুরির ছক। অবশেষে বেহালা থেকে গ্রেপ্তার হলেন বরানগরের বাসিন্দা প্রায় ৫৬ বছরের কৃষ্ণা মাইতি। অভিযোগ, প্রতিমাকে প্রণাম করার সুযোগে সোনা-রুপোর গয়না হাতানোই ছিল তাঁর ‘পেশা’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও শহরতলির বিভিন্ন মন্দিরই ছিল কৃষ্ণার লক্ষ্য। যে কোনও মন্দিরে ঢুকেই অতিরিক্ত ভক্তিভাব দেখিয়ে পুরোহিত ও ভক্তদের নজর এড়িয়ে যেতেন তিনি। প্রথমে রেইকি—মন্দিরে সিসিটিভি কোথায়, পুরোহিতদের নজরদারি কতটা, প্রতিমায় মূল্যবান ধাতুর গয়না রয়েছে কি না—সবই খুঁটিয়ে লক্ষ্য করতেন। এরপর সুযোগ বুঝে কার্যসিদ্ধি।
বেহালার চণ্ডীতলা এলাকার সতীমাতার মন্দিরে ঘটনার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, পুজো দেওয়ার নাম করে প্রতিমার একেবারে সামনে গিয়ে মিনিটখানেক আড়াল তৈরি করেন কৃষ্ণা। সেই সময়েই প্রতিমার তিনটি রুপোর হাত খুলে নেন তিনি। মহিলা বেরিয়ে যাওয়ার পরই প্রতিমার গয়না উধাও দেখে চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে শনাক্ত করেন। জানা যায়, আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কৃষ্ণা, ফলে তাঁকে চিহ্নিত করতে সুবিধা হয়। এরপর বেহালা ও পর্ণশ্রী এলাকায় তাঁর গতিবিধির উপর নজর রেখে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জেরায় কৃষ্ণা স্বীকার করেছেন চুরি করা গয়না ও রুপোর সামগ্রী পোস্তা এলাকায় বিক্রি করে দিতেন। চুরি যাওয়া রুপোর হাত উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পর মন্দিরগুলিতে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।







