কলকাতা

নেশামুক্তির নামে মৃত্যু! হালিশহরের ভাড়াবাড়ির কেন্দ্রে পিটিয়ে খুনের অভিযোগ, মালিক পলাতক

নেশামুক্তির আড়ালে ফের মৃত্যুর অভিযোগে উত্তাল উত্তর ২৪ পরগনার হালিশহর। ভাড়াবাড়িতে গড়ে ওঠা একটি নেশামুক্তি কেন্দ্রে মারধরের জেরে এক রোগীর মৃত্যুকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি কালনার বাসিন্দা। ঘটনার পর থেকেই পলাতক ওই নেশামুক্তি কেন্দ্রের মালিক বিশ্বজিৎ দাস। ঘটনার তদন্তে নেমেছে হালিশহর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হালিশহর চেকপোস্ট মোড় সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরেই ওই নেশামুক্তি কেন্দ্রটি চলছিল। অভিযোগ, কোনও বৈধ অনুমতি বা সরকারি নথি ছাড়াই সেখানে রোগীদের রেখে ‘চিকিৎসা’ করা হতো। স্থানীয়দের দাবি, এলাকায় যে এমন একটি নেশামুক্তি কেন্দ্র চলছে, তা তাঁদের অনেকেই জানতেন না।

মৃত বিশ্বজিৎ মণ্ডলের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নেশামুক্তির নামে নিয়মিত শারীরিক নির্যাতন চালানো হতো। শুক্রবারও তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অবস্থার অবনতি হলে তাঁকে কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর ছড়াতেই নেশামুক্তি কেন্দ্রের সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যেই কেন্দ্রের মালিক বিশ্বজিৎ দাস গা ঢাকা দেন।

হালিশহর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, ভাড়াবাড়িতে নেশামুক্তি কেন্দ্র চালানোর বিষয়ে বাড়ির মালিকের কাছেও কোনও বৈধ নথি জমা দেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই অভিযোগে শিরোনামে হালিশহর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.