কলকাতা

‘আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না’ — পার্ক সার্কাসে দাঁড়িয়ে এক ঢিলে তিন বার্তা শুভেন্দুর

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র আট দিনের মধ্যেই প্রশাসনিক বার্তায় আক্রমণাত্মক মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সোমবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে দাঁড়িয়ে তিনি পুলিশ ও দুষ্কৃতী—উভয় পক্ষকেই কড়া বার্তা দেন। সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে তাঁর মন্তব্য, “জিরো টলারেন্স। আবার এমন ঘটনা হলে আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না।” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর এই পদক্ষেপে একসঙ্গে তিনটি বড় বার্তা রয়েছে। প্রথমত, সাধারণ মানুষের কাছে পুলিশের প্রতি হারানো আস্থা ফেরানোর চেষ্টা। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, শহরের কিছু এলাকায় আইন ভাঙলেও প্রশাসন নীরব থাকে। রবিবারের অশান্তির পর পুলিশের কড়া পদক্ষেপ এবং সোমবার মুখ্যমন্ত্রীর অবস্থান সেই ধারণা বদলানোর ইঙ্গিত দিয়েছে।

দ্বিতীয়ত, পুলিশ বাহিনীর মনোবল বাড়ানোর চেষ্টা। অতীতে ‘দলদাস’ তকমায় বারবার বিদ্ধ হয়েছে রাজ্য পুলিশ। এদিন প্রকাশ্যে পুলিশকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে শুভেন্দু স্পষ্ট জানান, আইন রক্ষায় কোনও রাজনৈতিক চাপের কাছে নত হওয়ার প্রয়োজন নেই। তাঁর বার্তা, পুলিশের গায়ে হাত পড়লে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তৃতীয়ত, এর স্পষ্ট রাজনৈতিক তাৎপর্যও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংখ্যালঘু অধ্যুষিত পার্ক সার্কাসে দাঁড়িয়ে কড়া অবস্থান নিয়ে তিনি সংখ্যাগুরু ভোটব্যাঙ্কের কাছেও ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার বার্তা দিতে চেয়েছেন বলেই মত একাংশের।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতায় এসেই শুভেন্দুর এই আগ্রাসী প্রশাসনিক অবস্থান তাঁর দীর্ঘ রাজনৈতিক ইনিংসের ‘পাওয়ার প্লে’। এখন দেখার, এই আক্রমণাত্মক সূচনা ভবিষ্যতে কতটা কার্যকর হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.