বিনোদনরাজনীতি

পার্নোর ‘দলবদল’ নয়, ফেরার গল্প? তৃণমূলে যোগ নিয়ে বিতর্কে রুদ্রনীল ঘোষের বিস্ফোরক মন্তব্য

বড়দিনের প্রাক্কালে অভিনেত্রী পার্নো মিত্রর তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড়। বিজেপি ছেড়ে তৃণমূলে তাঁর যোগদান বলে যে দাবি সামনে এসেছে, তা কার্যত নস্যাৎ করে দিলেন অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। পার্নোর দলবদল প্রসঙ্গে স্পষ্ট ভাষায় রুদ্রনীল বলেন, “এটা বলা ভুল যে ও বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে। ও বিজেপিতে ছিলই না।”

রুদ্রনীলের দাবি অনুযায়ী, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে পরাজয়ের পর থেকেই পার্নো কার্যত রাজনীতি থেকে দূরে ছিলেন। কোনও মিছিল, আন্দোলন বা রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি বলেই দাবি তাঁর। সেই প্রেক্ষিতেই রুদ্রনীলের মন্তব্য, “ও বাড়িতেই বসেছিল। হঠাৎ মনে হয়েছে তৃণমূলে যোগ দেওয়া উচিত, তাই যোগ দিয়েছে।”

একটি বিতর্কিত নামের সোশ্যাল মিডিয়া পেজে ভাইরাল হওয়া ভিডিয়োয় রুদ্রনীল আরও বলেন, পার্নো রাজনীতি সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহাল নন। তিনি একজন সহজ-সরল মানুষ এবং মূলত নিজের অভিনয় জগত নিয়েই ব্যস্ত থাকেন। তাঁর মতে, এই যোগদানে বিজেপির কোনও ক্ষতি হয়নি, আবার তৃণমূলেরও বিশেষ কোনও লাভ হবে না। এমনকী, পার্নোকে দলে যোগ দিতে কে বা কারা প্রভাবিত করেছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

তবে ব্যক্তিগত সিদ্ধান্তের প্রশ্নে পার্নোর স্বাধীনতাকেও স্বীকার করেছেন রুদ্রনীল। তাঁর কথায়, “কে কোন দলে যোগ দেবে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।” পাশাপাশি পার্নোর অভিনয় প্রতিভার প্রশংসাও করতে ভোলেননি তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন রুদ্রনীল ঘোষ এবং বর্তমানে তিনি গেরুয়া শিবিরের সক্রিয় মুখ। অন্যদিকে, একই বছরে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়লেও পরাজয়ের পর পার্নো মিত্রকে আর সক্রিয় রাজনীতিতে তেমনভাবে দেখা যায়নি। ফলে তাঁর তৃণমূলে যোগদান যে রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.