Uncategorized

তামাক করের কড়াকড়িতে ধাক্কা শেয়ারবাজারে, মুখ থুবড়ে পড়ল আইটিসি

তামাকজাত পণ্যের উপর করের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার সরাসরি প্রভাব পড়েছে শেয়ারবাজারে। দেশের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসি-র শেয়ারে দেখা দিয়েছে বড়সড় পতন। গত দু’দিনে প্রায় ১৩ শতাংশ দর কমেছে এই সংস্থার শেয়ারের। শুক্রবার একদিনেই পতন হয়েছে ৪ শতাংশের বেশি। বর্তমানে আইটিসি-র শেয়ারদর ঘোরাফেরা করছে ৩৪৯ টাকার আশপাশে।

নতুন কর কাঠামো অনুযায়ী, তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পান মশলা জাতীয় পণ্যের ক্ষেত্রে আলাদা স্বাস্থ্যশুল্ক আরোপের নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নয়া করনীতি কার্যকর হবে। এতদিন তামাকজাত পণ্যের উপর ২৮ শতাংশ জিএসটি লাগু ছিল। নতুন নীতিতে সেই হার বেড়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছতে চলেছে। এর পাশাপাশি যোগ হবে ক্ষতিপূরণ সেস ও অতিরিক্ত আবগারি শুল্ক।

এই ঘোষণার পরই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বাজারে আইটিসি-র শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। ফলে অল্প সময়ের মধ্যেই শেয়ারদরে বড় পতন লক্ষ্য করা যায়। শুধু আইটিসি নয়, আর এক সিগারেট প্রস্তুতকারী সংস্থা গডফ্রে ফিলিপ্সের শেয়ারেও একই ছবি। গত দু’দিনে এই সংস্থার শেয়ার প্রায় ২০ শতাংশ পড়ে গেছে। বর্তমানে গডফ্রে ফিলিপ্সের শেয়ারদর প্রায় ২২৬৩ টাকা।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরের মধ্যে তামাক শিল্পের শেয়ারগুলিতে এমন বড় ধস খুব কমই দেখা গেছে। নতুন কর ব্যবস্থার ফলে উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাব সরাসরি মুনাফায় পড়বে—এই আশঙ্কাই বাজারকে নড়বড়ে করে তুলেছে।

উল্লেখ্য, ভারতে প্রায় ২৫ কোটিরও বেশি মানুষ তামাকজাত পণ্য ব্যবহার করেন। অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, তামাকজনিত রোগের কারণে দেশের আর্থিক বোঝা বছরে প্রায় ২.৪ ট্রিলিয়ন রুপি ছাড়িয়ে যেতে পারে। সেই কারণেই তামাকের ব্যবহার কমাতে কড়াকড়ি কর নীতির পথে হাঁটছে কেন্দ্র। সরকার চাইছে, তামাক সাধারণ মানুষের কাছে আর সহজলভ্য না থাকুক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.