রাজস্থানে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। কেসন ফার্মা (Kayson Pharma)–র তৈরি জেনেরিক কাফ সিরাপ খাওয়ার পরেই মৃত্যু হয়েছে অন্তত দুই শিশুর। অসুস্থ কমপক্ষে আরও ১০ শিশু। পরিস্থিতি সামাল দিতে গিয়ে চূড়ান্ত অদ্ভুত ঘটনায় জড়িয়ে পড়লেন কমিউনিটি হেলথ সেন্টারের ইনচার্জ চিকিৎসক—ওষুধকে নিরাপদ প্রমাণ করতে নিজেই সেই কাফ সিরাপ খেয়ে ফেলেন তিনি, আর তাতেই হয়ে গেল সর্বনাশ। কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি নিজেই। আট ঘণ্টা পর এক গাড়ির ভিতর থেকে তাঁকে উদ্ধার করা হয়।
কীভাবে শুরু হল ঘটনা?
গত সোমবার শিকর জেলার নীতিশ নামে ৫ বছরের এক শিশু কাশির ওষুধ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক সেই ওষুধ লিখে দিয়েছিলেন। শিশুটির মা রাত সাড়ে ১১টায় কাফ সিরাপ খাওয়ান, ভোর তিনটে নাগাদ হেঁচকি উঠতে শুরু করে, জল খাওয়ানো হলেও আর জেগে ওঠেনি সে।
এর আগেই ২২ সেপ্টেম্বর আরও এক ২ বছরের শিশু একই ওষুধ খেয়ে মারা গিয়েছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, তাঁদের বাকি দুই সন্তানও ওই সিরাপ খাওয়ার পর দীর্ঘক্ষণ অচেতন হয়ে পড়েছিল। পরবর্তীতে সম্রাট নামে আরও এক শিশুর মৃত্যু হয় একইভাবে।
চিকিৎসকের চ্যালেঞ্জ, ভয়াবহ পরিণতি
শিশু মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা। অভিযোগ ওঠে কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসক তারাচাঁদ যোগীর বিরুদ্ধে। তবে তিনি কোনওভাবেই মানতে রাজি ছিলেন না যে, তাঁর প্রেসক্রাইব করা ওষুধের কারণে এই মৃত্যু। উল্টে তিনি দাবি করেন, ওষুধ সম্পূর্ণ সুরক্ষিত। সেই দাবি প্রমাণ করতে তিনি নিজেই এক ডোজ সিরাপ খান এবং এক অ্যাম্বুল্যান্স চালককেও দেন।
ভরতপুর যাওয়ার পথে হঠাৎই তাঁর চোখ জুড়িয়ে আসে, কোনওমতে রাস্তার ধারে গাড়ি থামান এবং অচেতন হয়ে পড়েন। পরিবার ফোনের লোকেশন ট্র্যাক করে আট ঘণ্টা পর গাড়ি থেকে তাঁকে উদ্ধার করে। অ্যাম্বুল্যান্স চালকেরও একই অবস্থা হয়েছিল বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের পদক্ষেপ
একাধিক শিশু মৃত্যু এবং অসংখ্য শিশু অসুস্থ হওয়ার পরই নড়েচড়ে বসেছে রাজস্থান সরকার। কেসন ফার্মার তৈরি ওই কাফ সিরাপের ২২টি ব্যাচ বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে এবং ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরিসংখ্যান জানাচ্ছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১.৩৩ লক্ষ বোতল কাফ সিরাপ রোগীদের হাতে পৌঁছে গেছে।
ওষুধ পরীক্ষা ও তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। শিশু মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।







