ক্রিকেট মাঠে বৃষ্টি কিংবা কুয়াশার জন্য খেলা বন্ধ হওয়া যেন সাধারণ ঘটনা। কিন্তু এবার ইংল্যান্ডের ক্যান্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। সূর্যের অতিরিক্ত আলোয় ম্যাচ বন্ধ! হ্যাঁ, ঠিকই পড়ছেন — টি-২০ ব্লাস্ট ২০২৫–এর এক ম্যাচে রোদের কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল খেলা।
কেন্ট স্পিটফায়ার বনাম গ্লুস্টারশায়ার ম্যাচে প্রথমে ব্যাট করে কেন্ট তোলে ১৫৭ রান। হ্যারি ফিঞ্চ করেন ৪২, অধিনায়ক স্যাম বিলিংস যোগ করেন ৩৮, আর মুয়েয়ে খেলেন ঝকঝকে ৩৩ রানের ইনিংস। গ্লুস্টারশায়ারের হয়ে অজিত দাল ছিলেন উজ্জ্বল – ৩টি উইকেট নেন মাত্র ২৪ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে গ্লুস্টারশায়ার ভালো শুরু করলেও, রাত ৮:১৫-র সময় আচমকা খেলা থেমে যায়। কারণ? সূর্যের আলো সরাসরি ব্যাটসম্যানদের চোখে লাগছিল। তারা ৮ মিনিট মাঠ ছেড়ে ডাগআউটে বসেন, এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় খেলা।
শেষ পর্যন্ত গ্লুস্টারশায়ার ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয়। অধিনায়ক জ্যাক টেলরের ৫৪* রানের দুরন্ত ইনিংস দলকে এনে দেয় মৌসুমি প্রথম জয়। প্রাইস করেন ৪১* এবং শর্ট যোগ করেন ৩৩ রান।
পয়েন্ট টেবিলে এই জয়ের পর গ্লুস্টারশায়ার উঠে এসেছে অষ্টম স্থানে, আর কেন্ট রয়েছে ষষ্ঠ স্থানে। তবে সূর্যের এমন নাটকীয় হস্তক্ষেপ ক্রিকেট বিশ্বে রীতিমতো আলোড়ন ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ঘটনা—”বৃষ্টি নয়, এবার খেলা থামাল রোদ!”






