ভোরের আলো ফোটার আগেই হাওড়ার মুম্বই রোডে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে মুরগি বোঝাই একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। কুয়াশার দাপটেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিট নাগাদ হাওড়ার বরুণদা এলাকায় কলকাতামুখী লেনের ধারে একটি লরি দাঁড়িয়ে ছিল। জানা গিয়েছে, সেই সময় লরির ভিতরে কোনও চালক উপস্থিত ছিলেন না। ঠিক সেই সময় দেউলটির দিক থেকে দ্রুত গতিতে আসছিল মুরগি বোঝাই একটি গাড়ি। ঘন কুয়াশার জেরে সামনের দৃশ্য স্পষ্ট না হওয়ায় আচমকাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি।
ধাক্কার তীব্রতায় মুরগি বোঝাই গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির কেবিনে আটকে পড়েন চালক ও তাঁর এক সঙ্গী। ধাক্কার অভিঘাতে আর এক খালাসী ছিটকে পড়েন রাস্তার উপর। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ।
পুলিশ ও উদ্ধারকারী দল কেবিন কেটে দুইজনকে উদ্ধার করার চেষ্টা করে। তবে ততক্ষণে তাঁদের মৃত্যু হয়ে যায় বলে জানা গিয়েছে। আহত খালাসীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুরগি বোঝাই গাড়িটি নবাসনের একটি পোল্ট্রি ফার্ম থেকে মুরগি নিয়ে প্রথমে দেউলটি যায়। সেখান থেকে জয়পুরের দিকে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনার পিছনে কুয়াশাই প্রধান কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হলেও, গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।







