প্রায় সাড়ে সতেরো বছর আগে রাজ্য রাজনীতিতে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল সিঙ্গুর। সেই ‘টাটার মাঠ’ ফের ফিরছে খবরের শিরোনামে। তবে প্রেক্ষাপট বদলেছে। ন্যানো গাড়ির কারখানা নয়, এবার ১৮ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে। বিশালাকার ইস্পাতের কাঠামো, ভারী যন্ত্রপাতির শব্দে ফের সেই চেনা ছন্দে ফিরছে মাঠ। সভার জন্য তৈরি হচ্ছে এক বিশাল ‘হ্যাঙার’, যার নকশা দেখলেই অনেকের মনে পরে গেল একসময়ের বিতর্কিত টাটা ন্যানো কারখানার কাঠামো।
সিঙ্গুর মানেই বাংলার শিল্পায়ন বিতর্কের প্রতীক। বাম আমলে অধিগৃহীত এই জমিকে কেন্দ্র করেই আন্দোলনের জোয়ারে শেষ পর্যন্ত টাটা গোষ্ঠীকে গুজরাতের সাণন্দে কারখানা সরিয়ে নিতে হয়েছিল। সেই একই জমিতে এবার দাঁড়িয়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে এই সভা নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, বরং প্রতীকী বার্তা দেওয়ার সুযোগ। তাদের দাবি, যিনি একসময় রতন টাটাকে গুজরাতে শিল্পের পরিকাঠামো ও রাজনৈতিক সমর্থন দিয়ে স্বাগত জানিয়েছিলেন, সেই ‘গুড এম’ মোদীর হাত ধরেই বাংলায় শিল্পের নতুন অধ্যায় শুরু হতে পারে।
বিজেপি সূত্রে জানা গেছে, এই জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শিল্প নীতির কড়া সমালোচনা শোনা যেতে পারে। পাশাপাশি আগামী নির্বাচনের আগে শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগ এই তিনটি বিষয়কে সামনে রেখে বিজেপি রাজনৈতিক সুর বেঁধে দিতে চাইছে। সিঙ্গুরকে বেছে নেওয়ার নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনো রাজনৈতিক কৌশল, তা এখন স্পষ্ট। একসময়ের আন্দোলনের জমিতে দাঁড়িয়ে শিল্প-বান্ধব বার্তা দিয়ে রাজ্যের ভোটারদের কাছে আলাদা বার্তা পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য। সব মিলিয়ে, সিঙ্গুরে মোদীর এই জনসভা বৃদ্ধি হচ্ছে রাজনৈতিক পারদ।







