বিধানসভা নির্বাচন আসার আগেই ফলাফল শুনিয়ে দিলেন ‘জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ূন কবীর। তার দাবি , বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীর গদিতে তিনিই বসবেন। বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ূন বলেন ,”বিধানসভা নির্বাচনের পর আমিই মুখ্যমন্ত্রী হব।” হুমায়ূন কবীরের এই দাবি প্রকাশ্যে আসতেই বিজেপির সঙ্গে হুমায়ূনের বোঝাপড়া আছে বলেই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।
সাংবাদিকের মুখোমুখি হয়ে হুমায়ূন বলেছিলেন , “ভোটে আমিই মুখ্যমন্ত্রীর মুখ হব। বিধানসভা নির্বাচনের পর আমিই মুখ্যমন্ত্রী হব। খেটেখুটে, পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে, ১০০ থেকে ১১০ আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টিই হবে। আর বিজেপি যদি ৯৯ আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই।”
বিহারে বিজেপির জয়ের প্রসঙ্গ তুলে বাংলার ভোট নিয়ে হুমায়ূন বলেন , ” বিহারে নীতীশ কুমার তো দু’-দু’বার কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্য কেউ ৯৯ পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমিই ১৪৮ আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব।” নির্বাচনে তৃণমূল কত সিট পাবে তাও স্পষ্ট করে জানালেন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন , “খুব বেশি হলে ৭০ থেকে ৭৫টি সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। ভোটের পর সরকার আমিই গড়ব, মুখ্যমন্ত্রী আমিই হচ্ছি।”







