ক্রাইমজেলা

Mission মাদক: সুতি থানার অভিযানে উদ্ধার ৭৩ কেজি গাঁজা, গ্রেপ্তার ট্রাকচালক

মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চাঁদের মোড়–টোল প্লাজা সংলগ্ন নাকা চেকিং পয়েন্টে বিশেষ অভিযান চালায় সুতি থানার পুলিশ। অভিযানে সহযোগিতা করে STF এবং জেলার SOG টিম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের খবর আগেই পুলিশের কাছে পৌঁছেছিল। সেই অনুযায়ী নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়। সন্দেহভাজন ট্রাকটি নাকা পয়েন্টের দিকে এগিয়ে আসতেই পুলিশ থামানোর সংকেত দেয়। তবে পরিস্থিতি বেগতিক বুঝে ট্রাকচালক সিগন্যাল অমান্য করে পুলিশের গাড়ির উপর দিয়ে ট্রাক চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে পুলিশভ্যান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এরপর সামনে থেকে আসা আরেকটি ভারী গাড়িকে ধাক্কা মেরে ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ সঙ্গে সঙ্গে ট্রাকটির পিছু ধাওয়া করে। কিছুক্ষণ রুদ্ধশ্বাস ধাওয়ার পর আহিরনহাট ট্রাফিক সিগন্যাল এলাকায় ট্রাকটিকে আটকাতে সক্ষম হয় পুলিশ।

ট্রাক আটকানোর সঙ্গে সঙ্গেই চালক কেবিন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে। যদিও ট্রাকের খালাসি পালিয়ে যায়। তার সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি চালিয়ে মোট ৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় সুতি থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জঙ্গিপুর পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.