নতুন বিতর্কে জড়ালেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জেকব মার্টিন। প্রজাতন্ত্র দিবসের রাতে গুজরাটের বডোদরায় মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে অ্যাকোটার পুনীতনগর এলাকায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা মারেন মার্টিন। ঘটনায় ওই তিনটি গাড়ি-সহ তাঁর নিজের গাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে প্রাক্তন ক্রিকেটারকে উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাকোটা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় যে দুর্ঘটনার সময় মার্টিন মত্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
এটি প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন জেকব মার্টিন। অতীতে জেলও খেটেছেন তিনি। একসময় পায়রাকে গুলি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবেশীদের সঙ্গেও বিভিন্ন সময়ে বিবাদে জড়ানোর অভিযোগ রয়েছে।
১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি একদিনের ম্যাচ খেলেছেন জেকব মার্টিন। ২০০০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ রানের ইনিংসটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের উল্লেখযোগ্য পারফরম্যান্স। ঘরোয়া ক্রিকেটে তাঁর মোট রান ৯ হাজারেরও বেশি।







