লোকসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় প্রায় শেষের পথে। পাশাপাশি ভারতবর্ষজুড়ে চলছে ২৪ এর ভোট। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরছে চরমে। এবার মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারকা প্রার্থী জুন মালিয়া। সোমবার জমজমাট র্যালি করে তৃণমূলের অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী।
গত ১০ই মার্চ জনগর্জন সভা থেকে মেদিনীপুরের প্রার্থী হিসেবে তৃণমূলের তরফ থেকে জুন মালিয়ার নাম ঘোষণা করা হয়। তারপর থেকে অভিনেত্রী জোর করে প্রচার শুরু করে দিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এবার সুসজ্জিত র্যালির মাধ্যমে সাড়ম্বরে মনোনয়ন জমা দিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী। গতকাল মেদিনীপুর কলেজের মাঠ থেকে ভ্যানে করে র্যালি শুরু করেন তারকা প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার উপলক্ষে কলেজ মাঠ থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত তৃণমূলের দলীয় ঝান্ডা দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি দেড় কিলোমিটারের রাস্তা জুড়ে মাইক বাধা হয়েছে।
এছাড়াও নির্মল হৃদয় আশ্রম, কর্নগর মায়ের মন্দির, পাটনা বাজার বুড়া শিবমন্দির, বটতলা কালী মন্দির ও একাধিক মন্দির সহ ধর্মীয় স্থানে মেদিনীপুরের বাসিন্দাদের জন্য মঙ্গল কামনা করে পুজো সম্পন্ন করেন জুন মালিয়া। র্যালিতে উপস্থিত থাকবে কয়েক হাজার কর্মী সমর্থক। এমনকি ভ্যানে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা ও চন্দ্রিমা ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বিধায়ক। তবে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পরার মতো। সম্পন্ন হল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া।







