খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত, ৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ আফগানিস্তান

সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত। ৫৮ রানের জয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ চারে জায়গা করে নিল আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন ভারতীয় দল। আগামী ৪ ফেব্রুয়ারি সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান।

প্রথমে ব্যাট করে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল তোলে ২৫২ রান। সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানকে ৩৩.৩ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করে জিততেই হত। কিন্তু নির্ধারিত সময়ে পাকিস্তানের রান দাঁড়ায় ৪ উইকেটে ১৬৭। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে তারা গুটিয়ে যায় ১৯৪ রানে। এর ফলে ছোটদের বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাকিস্তান। উল্লেখযোগ্য ভাবে, টসের পর এ দিনও দুই দলের অধিনায়ক হাত মেলাননি।

সুপার সিক্স গ্রুপ টুর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও নেট রান রেটের বিচারে এগিয়ে থাকে ভারত (২.৫৮৫), যেখানে ইংল্যান্ডের নেট রান রেট ১.৭৫৭। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠার সুযোগ ছিল পাকিস্তানেরও। সে ক্ষেত্রে ৩৩.৩ ওভারের মধ্যে জিততে হত তাদের। এমনকি ৩৪.৩ ওভার পর্যন্তও সুযোগ ছিল, যেখানে শেষ বলে ছয় মেরে জয় ছিনিয়ে নিতে পারত পাকিস্তান। কিন্তু ব্যাটিংয়ে সেই আগ্রাসনের ছাপ দেখা যায়নি। বরং ভারতের বিরুদ্ধে সম্মানের লড়াই জেতাই যেন ছিল প্রধান লক্ষ্য।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসাফ। তবে প্রথমে ব্যাট করতে নেমে প্রত্যাশামতো শুরু করতে পারেনি ভারত। অ্যারন জর্জ (১৬), বৈভব সূর্যবংশী (৩০), আয়ুষ মাত্রে (০), বিহান মলহোত্র (২১) ও অভিজ্ঞান কুন্ডুরা (১৬) দ্রুত ফিরে গেলে ৪৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই পরিস্থিতি সামাল দেন বেদান্ত ত্রিবেদী। ঠান্ডা মাথায় ইনিংস গড়ে ৯৮ বলে ৬৮ রান করেন তিনি, যার মধ্যে ছিল ২টি চার ও ১টি ছয়।

বেদান্তের সঙ্গে বিহানের ৬২ রানের জুটি এবং অভিজ্ঞানের সঙ্গে ৩৮ রানের পার্টনারশিপ ভারতীয় ইনিংসে স্থিতি আনে। শেষ দিকে আরএস অম্বরীশ (৩৮ বলে ২৯), কণিষ্ক চৌহান (২৯ বলে ৩৫) ও খিলান পটেল (১৫ বলে ২১) দ্রুত রান তুলে ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে আব্দুল সুভান ৩৩ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন। মহম্মদ সায়াম নেন ২ উইকেট (৬৯ রান)। আলি রাজা, আহমেদ হোসেন, মোমিন কামার ও আলি হাসান বালোচ একটি করে উইকেট পান।

লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটাররা শুরু থেকেই সাবধানী ছিলেন। ওপেনার সমীর মিনহাস (৯) ব্যর্থ হলেও হামজা জ়াহুর ৪৯ বলে ৪২ রান করেন। তিন নম্বরে উসমান খান এবং চার নম্বরে অধিনায়ক ইউসাফ দায়িত্বশীল ইনিংস খেলেন, তবে প্রয়োজনীয় আগ্রাসন দেখা যায়নি। ইউসাফ করেন ৩৯ বলে ৩৮, উসমান করেন ৯২ বলে ৬৬ রান। মাঝের ও শেষ দিকের ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় লক্ষ্য থেকে অনেকটাই দূরে থেকে যায় পাকিস্তান।

ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন আয়ুষ মাত্রে। ২১ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক ব্যাট হাতে ব্যর্থ হলেও দলের জয়ে বড় ভূমিকা নেন। খিলান পটেল ৩৫ রানে ৩ উইকেট নেন। অম্বরীশ, হেনিল পটেল, কণিষ্ক চৌহান ও বিহান মলহোত্র একটি করে উইকেট শিকার করেন।

সব মিলিয়ে নিয়ন্ত্রিত ব্যাটিং ও ধারালো বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই সেমিফাইনালে পা রাখল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.