বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের বিতর্ক ছড়াল বাংলাদেশে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ‘ডেইলি ইনকিলাব’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে বাংলাদেশের জুলাই আন্দোলনে নিহত এক ব্যক্তির বাবাকে শুভেন্দুকে উদ্দেশ্য করে হুমকিমূলক মন্তব্য করতে শোনা গিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘সময়365’
ভিডিওতে ওই ব্যক্তি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, তিনি “ঘেউ ঘেউ করা কুকুর” এবং সীমান্তে এলে “কেটে পুঁতে দেওয়া হবে” বলেও হুমকি দেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশ থেকে শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সম্প্রতি তাঁর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনার সঙ্গে বাংলাদেশ যোগ রয়েছে কি না।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের বিশেষ দল এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মিলিয়ে বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। বর্তমানে শুভেন্দু অধিকারীর ‘জেড’ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকছে। পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ টিমও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে।
তবে প্রশাসনের দাবি, নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে পরিচালিত হবে যাতে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি বা সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা না হয়।







