বিধায়কদের সই জালকাণ্ডের তদন্তে সিআইডির তল্লাশি ঘিরে নতুন করে আইনি লড়াই শুরু হল। বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, কোনও ওয়ারেন্ট ছাড়াই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিআইডি। তল্লাশির সময় কোনও স্বাধীন সাক্ষীও উপস্থিত ছিলেন না বলে দাবি করা হয়েছে। পাশাপাশি দলীয় নথিপত্র স্ক্যান করে নিয়ে যাওয়ার অভিযোগও তোলা হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন।
অন্যদিকে, একই মামলায় সিআইডির তলব এড়িয়ে যাওয়ায় চাপ বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। তিন দফা সমন সত্ত্বেও তিনি হাজিরা দেননি। এরই মধ্যে সিআইডির নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। সমন প্রত্যাহার এবং রক্ষাকবচের আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা।
আইন মহলের একাংশের মতে, আদালত রক্ষাকবচ না দিলে অভিষেকের আইনি জটিলতা বাড়তে পারে। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে সিআইডি ভবিষ্যতে আদালতের কাছে কড়া পদক্ষেপের আবেদন জানাতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।







