ক্রাইম

৩ কেজির বেশি চরস উদ্ধার: মাদক পাচারে দোষী সাব্যস্ত যুবক, ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের নারকোটিক্স সেল। ৩ কেজির বেশি চরস উদ্ধারের মামলায় দোষী সাব্যস্ত এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি ধার্য করা হয়েছে ১ লক্ষ টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে দণ্ডপ্রাপ্তকে।

ঘটনাটি ২০২২ সালের ১৭ অক্টোবরের। রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ওয়াটগঞ্জ থানা এলাকার সত্য ডক্টর রোডে নজরদারি চালাচ্ছিল নারকোটিক্স সেলের একটি বিশেষ টিম। নেতৃত্বে ছিলেন সাব-ইনসপেক্টর সায়ন বিশ্বাস। পুলিশের কাছে তথ্য ছিল, ওই এলাকায় বড়সড় মাদক ‘নাইট ডেলিভারি’ হতে চলেছে।

সারদা ভবনের সামনে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ১২টি আয়তাকার বাদামি-কালচে স্ল্যাব। পরীক্ষা করে দেখা যায়, সেগুলি নিষিদ্ধ মাদক চরস। মোট ওজন ৩.০৬৪ কেজি, যার বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। আইনের ভাষায় যা ‘কমার্শিয়াল কোয়ান্টিটি’।

ধৃতের নাম শেখ নুরউদ্দিন। বাড়ি একবালপুর এলাকায়। তার বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়। তদন্তের দায়িত্ব নেন নারকোটিক্স সেলের সাব-ইনসপেক্টর কুহেলি সরকার। কেমিক্যাল পরীক্ষা, নথি যাচাই এবং সাক্ষ্যগ্রহণের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত সময়ের আগেই আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

সম্প্রতি সেই মামলার রায় ঘোষণা করে আদালত। দোষী সাব্যস্ত করে শেখ নুরউদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মতে, এই রায় মাদক পাচারের বিরুদ্ধে কড়া বার্তা দিল এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.