খেলাধুলা

যুবভারতীতে সবুজ-মেরুনের জোড়া গোল, লোবেরার অভিষেকেই জয়

পয়লা ফাল্গুন। ভালোবাসার দিনে যুবভারতীর গ্যালারিও ছিল সবুজ-মেরুন আবেগে রঙিন। মেসি ইভেন্টের জখম কাটিয়ে আবারও ফুটবলের উন্মাদনায় ফিরল শহর। আর সেই প্রত্যাবর্তনের মঞ্চে দাপট দেখাল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স-কে ২-০ গোলে হারিয়ে আইএসএল লড়াইয়ে তিন পয়েন্ট পকেটে পুরল সবুজ-মেরুন।

সবচেয়ে বড় প্রাপ্তি—হেডকোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন সের্জিও লোবেরা। ম্যাচের আগে আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি, তবে শূন্য থেকে শুরু করার কথাও স্পষ্ট করেছিলেন। মাঠে সেই দুইয়েরই মেলবন্ধন দেখা গেল—গতি, আক্রমণ আর সংগঠিত রক্ষণ।

শুরু থেকেই বলের দখল নিয়ে চেপে ধরে বাগান। পাঁচ মিনিটে রবসন-দিমিত্রি পেত্রাতোসের বোঝাপড়া, ১২ মিনিটে লিস্টনের ক্রস—প্রথম দফার হানা। তবে গোল আসছিল না। ২৬ মিনিটে উল্টোদিকে কেরালার সুযোগ, বিশাল কাইথের সেভে রক্ষা।

ডেডলক ভাঙে ৩৫ মিনিটে। দিমিত্রি পেত্রাতোসের নিখুঁত পাস থেকে বাঁ-পায়ের শটে গোল করেন অজি তারকা জেমি ম্যাকলারেন। গত মরশুমের গোল-ছন্দ যেন নতুন অধ্যায়েও বহমান। এগিয়ে যাওয়ার পর আরও উজ্জীবিত হয়ে ওঠে লোবেরার দল।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দ। দিমি, ম্যাকলারেন, কোলাসোরা একের পর এক আক্রমণ শানালেও ব্যবধান বাড়ছিল না। অন্যদিকে শুভাশিস বসু, অভিষেক সিং টেকচাম, আলবার্তো, মেহতাব সিংদের দৃঢ় রক্ষণে ভাঙন ধরাতে পারেনি কেরালা।

শেষ মুহূর্তে, ৯০+৬ মিনিটে পরিবর্ত হিসেবে নামা টম অলড্রেড ব্যবধান দ্বিগুণ করে ম্যাচে সিলমোহর দেন। ভ্যালেন্টাইনস ডে-র বিকেলে গ্যালারিতে হাজির সমর্থকেরা যেন জোড়া ‘গোলাপ’ উপহার পেলেন জেমি ও টমের সৌজন্যে।

২-০ জয়ে তিন পয়েন্ট নিশ্চিত করলেও সুযোগ নষ্টের প্রবণতা ভাবাবে লোবেরাকে। তবে অভিষেকেই জয়—সবুজ-মেরুন শিবিরে নতুন অধ্যায়ের সূচনা যে ইতিবাচক, তাতে সন্দেহ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.